চট্টগ্রামে আরও বেড়েছে সবজির দাম
টানা বর্ষণে চট্টগ্রামে বেড়ে যাওয়া সবজির দাম আরও এক ধাপ বেড়েছে।
শুক্রবার চট্টগ্রাম নগরীর বড় কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজারে সরেজমিনে দেখা যায়, বেগুন, বরবটি, করলা, শিম, ঢেড়শ ও ঝিঙেসহ প্রায় সব সবজিরই দাম বেড়েছে।
তবে কমেছে ব্রয়লার মুরগির দাম এবং মাছ ও মাংসের দাম বাড়েনি।
সবজি বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় দাম বেড়েছে।
রিয়াজউদ্দিন বাজারের সবজির আড়ৎ বিসমিল্লাহ বাণিজ্যালয়ের মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুণ্ডের যেসব জায়গায় সবজির চাষ হত তার সবগুলো ক্ষেতই টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে।
“বৃষ্টি থামার পর শুরু হয়েছে কড়া রোদ। আর রোদে ক্ষতিগ্রস্ত সবজি চারা শুকিয়ে মারা গেছে।”
রিয়াজউদ্দিন বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। গত সপ্তাহে বেগুনের কেজি ছিল ৬০ টাকা।
এক সপ্তাহের ব্যবধানে বরবটির দাম প্রায় ২০ টাকা বেড়েছে। গত সপ্তাহে বরবটির দাম ছিল প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকা। শুক্রবার প্রতিকেজি বরবটির বিক্রি হয় ৮০ থেকে ১০০ টাকায়।
সবজির দাম বৃদ্ধিতে ক্ষোভ দেখা গেছে ক্রেতাদের মাঝে; এজন্য সরকারের নজরদারির অভাবকে দায়ী করছেন তারা।
অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা আবদুল আলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দেশে তো দাম বাড়ার জন্য একটা অজুহাত হলেই হয়। এখন টানা বৃষ্টি হয়েছে এ অজুহাতে দাম বাড়ানো হচ্ছে।
“কী পরিমাণ ক্ষতি হয়েছে আর কী পরিমাণ দাম বেড়েছে সেটার তো যথাযথ হিসেব হওয়া দরকার। এ ক্ষেত্রে প্রশাসন তো বাজারের উপর নজরদারি করে না।”
ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা দাম কমেছে। গত সপ্তাহের ১৫৫ টাকার ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা।
লইট্টা মাছের দামও রয়েছে অপরিবর্তিত। রিয়াজউদ্দিন বাজারে প্রতি কেজি লইট্টা ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। রুই মাছ বিক্রি হচ্ছে ২২০ টাকা প্রতিকেজি।
তেলাপিয়া মাছের দামেও কোন হেরফের হয়নি। প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।
অন্যদিকে গরুর মাংস হাড়ছাড়া ৪৮০ ও হাড়সহ ৪৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
