যুক্তরাষ্ট্রের আচরণে হতাশ বাণিজ্যমন্ত্রী
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পরামর্শের প্রতিক্রিয়ায় দেশটিতে বাংলাদেশি রপ্তানি পণ্যের সুবিধা বাড়াতে বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার চট্টগ্রামের রেডিসন হোটেলে ‘বাংলাদেশ অ্যাপারেলস অ্যান্ড সেফটি এক্সপো’র উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাটও ছিলেন।
অনুষ্ঠানের বক্তব্যে তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিরাপত্তার উপর জোর দিয়ে বার্নিকাট বলেন, “অ্যাকর্ড, অ্যালায়েন্স, বিজিএমইএ ও সরকার সমন্বিতভাবে বাংলাদেশের পোশাক কারখানাগুলোর উন্নয়ন বিষয়ে কাজ করছে। এতে আমরা সন্তুষ্ট।
“তবে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকারের বিষয়ে আরও যত্নশীল হতে হবে মালিকদের। তবেই এদেশের পোশাকশিল্প আরও সামনের পথে এগুবে।”
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে সিঙ্গাপুরে প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর জন্য শুল্কমুক্ত সুবিধা দিতে সম্মত হয় উন্নত দেশগুলো। স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে বেশ কিছু কর্মপরিল্পনাও নেওয়া হয়। কিন্তু এগুলোর কোনোটিই বাস্তবায়ন করা হয়নি।
“বিশ্বের অনেকগুলো উন্নত ও উন্নয়নশীল দেশ বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এর মধ্যে রয়েছে কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান, চীন, কোরিয়া ও ভারত। দুঃখের বিষয়, এর মধ্যে যুক্তরাষ্ট্র নেই।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে ১৬ শতাংশ হারে গত পাঁচ বছরে ৫০০ কোটি ডলারের শুল্ক দেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “আমরা অনেক বেশি শুল্ক দেই। অন্য অনেক দেশ এর চেয়ে কম শুল্ক দেয়।”
বাংলাদেশের শিল্প কারখানায় কর্মপরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে দেড় বছর আগে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা বাতিল করে।
‘ব্র্যান্ডিংয়ের’ উপর জোর দিতে বাংলাদেশকে পরামর্শ দিয়ে কারখানায় শ্রমপরিবেশের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন বার্নিকাট।
রানা প্লাজা ধসের পর শ্রমিকদের কল্যাণের জন্য কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন গঠনের যে প্রস্তাব ক্রেতা রাষ্ট্রগুলো দিয়ে আসছে, তারও সমালোচনা করেন বাণিজ্যমন্ত্রী।
তিনি জানান, ২০১২ সালে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে ১৩৮টি ট্রেড ইউনিয়ন ছিল। এখন তা বেড়ে ৩২৫টি হয়েছে।
আরোপিত সব শর্ত মানার পরও যুক্তরাষ্ট্রের ক্রেতারা পণ্যের দাম বাড়াচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। শ্রমিকদের জীবন মানের উন্নয়নে তাদের উৎপাদিত পণ্যের দাম বাড়ানোর উপর জোর দেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, “অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শনে মাত্র ৩৪টি কারখানা ঝুঁকিপূর্ণ পাওয়া গেছে। সব মিলে বড় সমস্যা ধরা পড়েছে এমন কারখানা ২ শতাংশেরও কম। রানা প্লাজা ধসের পর এদেশে একটি কারখানাতেও সমস্যা হয়নি।”
মুন্সীগঞ্জের মতো চট্টগ্রামেও ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, “যে শিল্প থেকে দেশের রপ্তানির ৮০ শতাংশ আসে, সেই শিল্পে দেশের মোট উৎপাদনের মাত্র ৫ শতাংশ গ্যাস সরবরাহ করা হয়। সম্প্রতি কাজ শুরু করা ২৩৩টি কারখানাতে এখনও গ্যাস সংযোগ দেওয়া হয়নি।”
একই সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থারও উন্নয়নের দাবি জানান বিজিএমইএ সভাপতি।
অনুষ্ঠানে ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার ও ট্রেড মনিটরিং গ্রুপ ফর সাউথ এশিয়ার চেয়ারম্যান সাজ্জাদ করীম, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন ও চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দিন বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার শুরু হওয়া অ্যাপারেলস এক্সপো চলবে শনিবার পর্যন্ত।
সেমিনারে পণ্যমূল্য বৃদ্ধিতে জোর
পরে রুবানা রুবানা হকের সঞ্চালনায় ‘ব্র্যন্ডিং বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তৈরি পোশাকের রপ্তানি মূল্য বৃদ্ধিতে জোর দেন বক্তারা।
সেমিনারে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “যে দেশটি গত ৪০ বছর ধরে তৈরি পোশাক রপ্তানি করছে এখনো তাদের পণ্যের মূল্য নিয়ে নেগোশিয়েট করতে হয়। এখনো বলা হয়, বাংলাদেশের শ্রম সবচেয়ে শস্তা।
“যখন কোনো ক্রেতা এখানে আসে সে ধরেই নেয় যে এখানে শ্রম সস্তা। তার উপরে ম্যানুফেকচারারদের মধ্যে কাজ পাওয়ার প্রতিযোগিতা একে আরো সস্তা করে দেয়। এতে এ শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।”
‘সস্তা শ্রমের ধারণা থেকে বেড়িয়ে আসতে বিদেশি ক্রেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কমানো হয়েছে। নিরাপত্তার জন্য কারখানাগুলো বিনিয়োগ করেছে। এতো কিছুর পরেও পণ্যের দাম বাড়েনি। সেফটি হ্যাজ আ কসট, এটা ক্রেতাদেরও বুঝতে হবে।
“অনেকেই পোশাক প্রস্তুতকারকদের ‘ইথিকাল কোয়ালিটি’ নিয়ে কথা বলছিলেন। কিন্তু ক্রেতাদের ‘ইথিকাল কোয়ালিটি’র কি হবে?”
তার বক্তব্যকে পূর্ণ সমর্থন করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “এক সময় বাংলাদেশকে ‘বটমলেস বাস্কেট’ বলা হতো। এখন অবস্থা পরিবর্তিত হয়েছে। রানা প্লাজার পরে আমাদের তৈরি পোশাক শিল্প অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
“শ্রমিকদের সর্বনিম্ন মজুরি দুই বছর আগে বাড়ানো হয়েছে। এখন ক্রেতাদেরও পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়টি নিয়ে ভাবতে হবে।”
এ সময় প্যানেলে উপস্থিত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেন, “এক সময় তৈরি পোশাক আমাদের দেশে তৈরি হতো। এরপর সেটি এখন বাংলাদেশে এসে পৌঁছেছে, এটি এ জন্য নয় যে এখানে শ্রম শস্তা বরং এজন্য যে এদেশে অনেক কম সময়ে অনেক ভালো কোয়ালিটির পোশাক তৈরি হয়।”
