২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে আরও বিদ্যুৎ আমদানি দ্বি-পক্ষীয় চুক্তিতে

ভারতের খোলা বাজার থেকে বিদ্যুৎ কেনার আগের সিদ্ধান্ত বাতিল করে দ্বি-পক্ষীয় চুক্তির ভিত্তিতে ৩০ থেকে ৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 08:33 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, “এর আগে ভারতের খোলা বাজার থেকে ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ এজেন্টের মাধ্যমে কেনার সিদ্ধান্ত হয়েছিল। এক বছরের জন্য এ চুক্তি হওয়ার কথা ছিল।”

একটি রিট মামলা থাকায় ওই প্রস্তাব বাতিল করে দ্বি-পক্ষীয় চুক্তির ভিত্তিতে এ বিদ্যুৎ কেনা হবে জানিয়ে তিনি বলেন, “ভারতের দুটি প্রতিষ্ঠান এমভিভিএন এবং পিটিসির মাধ্যমে কেনা হবে।”

প্রতি ইউনিটের দাম কেমন পড়বে জানতে চাইলে মোস্তাফিজুর সাংবাদিকদের বলেন, “এই দাম সব সময় ওঠা নামা করে।”

চলতি বছরের ১৪ জানুয়ারি ভারত থেকে এজেন্টের মাধ্যমে বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদনের সময় বলা হয়েছিল, ২০১৪ সালে সর্বনিম্ন দাম ছিল ১ দশমিক ৭১ রুপি, আর সর্বোচ্চ ৪ দশমিক ১৮ রুপি।

২০১৩ সালের ৫ অক্টোবর থেকে ভারতের ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে।

কিন্তু বিতরণ লাইনে সিস্টেম লসের কারণে ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কম পাওয়া যায়।ওই ঘাটতি পূরণের জন্যই ভারতের খোলা বাজার থেকে বিদ্যুৎ কেনার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিরাজগঞ্জে ২২ বছর মেয়াদি বিদ্যুৎ কেন্দ্র

বৈঠকে সিরাজগঞ্জে ২২ বছর মেয়াদি ৪০০ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল (গ্যাস/এইচএসডি) ভিত্তিক আইপিপি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ক্রয় প্রস্তাবেও অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি।

অতিরিক্ত সচিব মোস্তাফিজুর বলেন, “বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানির সঙ্গে যৌথভাবে সিঙ্গাপুরের সেমকর্প (SEMBCORP) ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে এ বিদ্যুৎ কেন্দ্র হবে।

“যদি গ্যাসে চালানো হয় তাহলে ট্যারিফ হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় ৩ দশমিক ১৫৮ টাকা। যদি ডিজেলে চালানো হয় তাহলে বাংলাদেশি টাকায় প্রায় ১৩ দশমিক ৫৬৯ টাকা।”

নৌ পরিবহন মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘আভ্যন্তরীণ নৌ-পথের ৫৩টি ‍রুটে ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায়: ২৪টি নৌ-পথ)’ শীর্ষক প্রকল্পের আওতায় গালাগর-মোহনগঞ্জ ড্রেজিং কাজের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয় বৈঠকে।

অতিরিক্ত সচিব জানান, এই কাজটি এএমডিএল এবং এডিল যৌথভাবে ৭৯ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকায় পেয়েছে।

বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘সাসেক (সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কোঅপারেশন) সংযোগ প্রকল্প: জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক চার লেন উন্নীতকরণ’ প্যাকেজের তিনটি লটের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।

প্রতিটি লটের কাজেই দুটি অংশ (কন্সট্রাকশন ও মেইনটেইন্যান্স) রয়েছে জানিয়ে মোস্তাফিজুর বলেন, “প্রথম লটের ভোগরাবাজার মোড় থেকে কালিয়াকৈর পর্যন্ত ১৮ দশমিক ৯ কিলোমিটার বাইপাস সংযোগ সড়ক চার লেনে উন্নীত করতে খরচ হবে আয়কর ও ভ্যাটসহ ৭১৫ কোটি ৩৭ লাখ টাকা।”

কাজটি কেইরং-স্পেকট্রা জয়েন ভেঞ্চার পেয়েছে বলেও জানান তিনি।

“দ্বিতীয় লটের প্রথম ভাগে কালিয়াকৈর বাইপাস থেকে দুল্লামুরি পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কের কাজে ব্যয় হবে ৬৫৬ কোটি ১৭ লাখ টাকা। এ কাজটি পেয়েছে ‘এএমএল-এইচসিএমজেভি’।”

তৃতীয় লটের প্রথম ভাগে দুল্লামুরি থেকে টাঙ্গাইল পর্যন্ত ২২ দশমিক ৪ কিলোমিটার সড়কে মোট ব্যয় হবে ৬৫৮ কোটি ১৫ লাখ টাকা জানিয়ে তিনি বলেন, “এ কাজটি পেয়েছে ‘স্যামহুয়ান-মীর আকতার জয়েন্ট ভেঞ্চার লিমিটেড।”