২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার এশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রস্তাব বিমানমন্ত্রীর

মালয়েশিয়াভিত্তিক বাজেট এয়ারলাইনস এয়ার এশিয়ার ফ্লাইটে বাংলাদেশি কেবিন ক্রু নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বেসরকারি বিমান চলাচলমন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2015, 11:30 PM

Updated : 12 Oct 2022, 04:06 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান সংস্থাটির বাংলাদেশে দ্বিতীয় বারের মতো যাত্রা শুরু করা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন বিমানমন্ত্রী।

মেনন বলেন, “বর্তমানে অনেক বাংলাদেশি মালয়েশিয়াতে কাজ করছেন। আরও কয়েক লাখ জনশক্তি মালয়েশিয়াতে যাওয়ার কথা। এয়ার এশিয়ার ফ্লাইটে বাংলাভাষী কেবিন ক্রু থাকলে সেসব প্রবাসী ভাইদের জন্য ভালো হয়।”

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকে এবং সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়টিও এ সময় উল্লেখ করেন তিনি।

গত ১০ জুলাই থেকে প্রতিদিন ঢাকা থেকে কুয়ালালামপুর ফ্লাইট চালু করেছে সাশ্রয়ী এ বিমান সংস্থাটি।

অনুষ্ঠানে এয়ার এশিয়ার প্রধান নির্বাহী আইরিন ওমর বলেন, “এয়ার এশিয়ার নেটওয়ার্কের মাধ্যমে এখন থেকে বাংলাদেশি যাত্রীরা কোনো ধরনের হয়রানি ছাড়াই কুয়ালালামপুরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে বিশ্বের ১২৯টি গন্তব্যে ভ্রমণ করতে পারবেন।

“সাধারণত ট্রানজিটে একজন যাত্রীকে লাগেজ নিয়ে বেশ হয়রানিতে পড়তে হয়। ট্রানজিটের কারণে যাত্রীদের অনেকক্ষণ অপেক্ষাও করতে হয়। কিন্তু আমরা প্রথমবারের মতো হয়রানিমুক্ত ফ্লাইটের নিশ্চয়তা দিচ্ছি।”

নতুন নেটওয়ার্কের মাধ্যমে একবার লাগেজ চেক ইন করলে তা একেবারে গন্তব্যে গিয়েই বুঝিয়ে দেওয়া হবে বলে জানান আইরিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মালয়েশিয়ার হাই কমিশনার নরলিন ওথমেন, এয়ার এশিয়ার বাংলাদেশের অংশীদার টোটাল এয়ার সার্ভিসের প্রধান নির্বাহী সাদি আবদুল্লাহ উপস্থিত ছিলেন।