২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিটি ইনকিউবেটরে সেরার পুরস্কার জিতল জাহাজী

হুয়াওয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ১৮০টি স্টার্টআপ অংশ নেয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 12:04 AM

Updated : 20 Oct 2022, 07:00 PM

বাংলাদেশের নৌ যোগাযোগ খাতে প্রযুক্তি যোগ করে আলো ছড়ানো স্টার্টআপ জাহাজী এবার হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর ২০২২ প্রতিযোগিতায় ‘আর্লি স্টেইজ স্টার্টআপ’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে।

বুধবার বিকালে ঢাকায় এক অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার বিতরণ করেন।

পরে ই-লজিস্টিকস ও প্রযুক্তি সেবাদাতা কোম্পানি জাহাজী লিমিটেডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিটি ইনিকিউবেটর প্রতিযোগিতায় আর্লি স্টেজের চ্যাম্পিয়ন হিসেবে জাহাজী লি. প্রাইজ মানি হিসেবে পাঁচ লাখ টাকা, এক লাখ ২৫ হাজার ডলার সমমূল্যের হুয়াওয়ে ক্লাউড ক্রেডিট এবং বিদেশের সফল স্টার্টআপগুলোর প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সুযোগ পাবে।

দেশের ১৮০টি স্টার্টআপ এ প্রতিযোগিতায় অংশ নেয়। বুট ক্যাম্প ও স্বতন্ত্র দু’টি জুরি প্যানেলের বাছাইয়ের মাধ্যমে তিনটি ধাপ পেরিয়ে আইডিয়া রাউন্ডে ১০টি এবং আর্লি স্টেইজে ১০টি সম্ভাবনাময় স্টার্টআপ চূড়ান্ত রাউন্ডে বিবেচিত হয়।

এ বিষয়ে জাহাজীর হেড অব এক্সটারনাল রিলেশনস জোনাথন দাস বলেন, “নদীমাতৃক বাংলাদেশের ডিজিটাল সম্ভাবনা জাহাজীই প্রথম ত্রিমাত্রিক আঙ্গিকে এক্সেপ্লোর করেছে এবং বাস্তবায়ন করেছে। কাজটি সহজ ছিল না, আমাদের পুরো টিমের বিগত ৩ বছরের পরিশ্রমের ফল আমরা এখন পেতে শুরু করেছি।“

দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করার বিষয়ে ভূমিকা রাখার বিষয়ে তিনি আশা প্রকাশ করেন।

জাহাজী সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিড স্পার্ক প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার স্টার্টআপগুলির মধ্যে বিজয়ী হয় এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জাহাজীকে ফিচার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, দেশের নৌপথের জন্য জাহাজী একটি আইওটি (ইন্টারনেট অব থিংকস) ডিভাইস তৈরি করেছে যা দিয়ে নৌপথের প্রায় সবখানে ডেটা ট্রান্সমিশন সুবিধা পাওয়া যায়।

জাহাজী অ্যাপ ব্যবহার করে অভ্যন্তরীণ নৌরুটে বাল্কহেড বুক করার পাশাপাশি যেকোনো নৌযান ট্র্যাক করা যায় এবং ইনল্যান্ড জাহাজের কর্মীরা জাহাজে চাকুরি খুঁজে নিতে পারেন।