২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোষণার আড়ালে অতিরিক্ত লেহেঙ্গা-শাড়ি, গোয়েন্দা অভিযানে ধরা

এ অভিযানের মাধ্যমে প্রায় ৩২ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা বন্ধ হওয়ার দাবি সিআইআইডির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 01:48 AM

Updated : 11 Sep 2026, 03:46 PM

ঘোষণার চেয়ে বেশি শাড়ি, লেহেঙ্গা ও শেরওয়ানি আমদানি করায় জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এসবি ট্রেডার্সের একটি পণ্যচালানে ‘বড় ধরনের ঘোষণাবহির্ভূত পণ্য’ আনার আগাম তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়।

সিআইআইডি সদর দপ্তরের একটি বিশেষ দলের এ অভিযানের ফলে ‘প্রায় ৬০ লাখ টাকার’ রাজস্ব ফাঁকির অপচেষ্টা প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে কর আদায়কারী গোয়েন্দাদের এ ইউনিট।

রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইআইডি বলছে, গত ৩০ জুলাই একটি বিল অব এন্ট্রির আওতায় আমদানি ক রা পণ্যচালানটি ছাড়ের আগ মুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে খালাস কার্যক্রম স্থগিত করে কায়িক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।

পরীক্ষায় দেখা যায়, ঘোষণাপত্রে ২ হাজার ৬৯৯ পিস পণ্যের ঘোষণা থাকলেও বাস্তবে পাওয়া যায় ৪ হাজার ৩১৯ পিস, অর্থাৎ ঘোষণার তুলনায় ১,৬২০ পিস (৬০ দশমিক ০২%) অতিরিক্ত পণ্য।

বিভিন্ন পণ্যে ঘোষণার সঙ্গে ব্যাপক পার্থক্য থাকার দাবি করে ইউনিটটি বলছে, ঘোষিত সাধারণ লেহেঙ্গা ২৯ পিসের স্থলে পাওয়া যায় ৪৮ পিস, গর্জিয়াস লেহেঙ্গা ১৩ পিসের পরিবর্তে ৫০ পিস, প্রিমিয়াম শাড়ি ১১২ পিসের স্থলে ১২০ পিস, সুপার শাড়ি ১১২ পিসের পরিবর্তে ৮০৩ পিস মিলেছে।

এছাড়া মাঝারি মানের ১৭৯ পিস শাড়ির স্থলে ৯০০ পিস, নারীদের পরিধেয় সেট ১২৮ পিসের পরিবর্তে ১৪০ পিস, শেরওয়ানি ১৮ পিসের পরিবর্তে ১২০ পিস এবং টি-শার্ট ৯৪ পিসের পরিবর্তে ১২৪ পিস পাওয়া যায়।

এছাড়া ঘোষিত ১৮৭ পিস গাউনের পরিবর্তে পাওয়া যায় ১০০ পিস গাউন এবং অতিরিক্ত ৮৭ পিস সাধারণ লেহেঙ্গা, যা ঘোষণার সঙ্গে 'স্পষ্ট অসামঞ্জস্যতা' প্রমাণ করে বলে সিআইআইডির ভাষ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অভিযানের মাধ্যমে ৩১ লাখ ৭১ হাজার ১৬৯ টাকা শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা প্রতিরোধ করা হয়েছে। একই পরিমাণ ‘বিমোচন জরিমানা বিবেচনায়’ মোট আদায়যোগ্য অর্থের পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিস্তারিত প্রতিবেদন ঢাকা কাস্টম হাউসে পাঠানোর কথা বলেছে সিআইআইডি।