ওয়ালটন ‘এটিএস এক্সপো’ শুরু হচ্ছে বৃহস্পতিবার
এই শিল্পমেলা আয়োজন করছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী দেশীয় কোম্পানি ওয়ালটন।
এক ছাদের নিচে অর্ধ-লক্ষাধিক ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, টেস্টিং ল্যাব ও প্রযুক্তিপণ্য নিয়ে দ্বিতীয়বারের মত হতে যাচ্ছে শিল্পমেলা ‘এটিএস এক্সপো-২০২৪’।
এই শিল্পমেলা আয়োজন করছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী দেশীয় কোম্পানি ওয়ালটন।
মেলায় একই ছাদের নিচে প্রদর্শন করা হবে সকল প্রকার শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার উপযোগী পিসিবি, মাদারবোর্ড, মোল্ড অ্যান্ড ডাইসহ ৫০ হাজারের বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও টেস্টিং সলিউশনস।
পাশাপাশি, এনার্জি সেভিং ও পরিবেশবান্ধব ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, লিফটসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রীও প্রদর্শিত হবে।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হল-৩ এ বৃহস্পতিবার এই মেলা শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন।
তিন দিনের এই এটিএস এক্সপো বা অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশনস শীর্ষক শিল্পমেলার পর্দা নামবে শনিবার।
বিজ্ঞপ্তিতে ওয়ালটন বলছে, মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী শিল্পোদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম। আগ্রহী ব্যক্তিরা ওয়ালটনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এই মেলার প্রেক্ষাপট তুলে ধরে ওয়ালটনের করপোরেট সেলস বিভাগের প্রধান আহমেদ তানভীর বলেন, “ওয়ালটন হাই-টেক পার্কে উৎপাদিত যাবতীয় পণ্য সামগ্রী দেশি-বিদেশি শিল্পোদ্যাক্তা ও ক্রেতাদের সামনে তুলে ধরার মাধ্যমে আমদানি নির্ভরতা হ্রাস করে বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে গতবছর প্রথমবারের মত এটিএস এক্সপো আয়োজন করেছিল ওয়ালটন।"
দেশীয় শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও আমদানিকারকদের মাঝে সেই মেলা ব্যাপক সাড়া ফেলেছিল দাবি করে তিনি বলেন, “সেই ধারাবাহিকতায় ওয়ালটন এবছর আবারও এটিএস এক্সপো আয়োজন করছে।"
গতবারের মত এবারের এটিএস এক্সপোও শতভাগ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তানভীর।
ওয়ালটন বলছে, এবারের মেলায় সম্পূর্ণ পরিবেশবান্ধব ও উদ্ভাবনী প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের পণ্য উদ্বোধন করা হবে।
পাশাপাশি, মেলা চলাকালে দেশীয় ইলেকট্রনিক্স শিল্পের অগ্রগতি, উদ্ভাবনী, এনার্জি সেভিং এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি আলোচনা সভা হবে; যেখানে বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধি, গবেষক, চিন্তাবিদ, শিক্ষক এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
