১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পায়রা ঘিরে বিনিয়োগে আগ্রহী ভারতের ব্যবসায়ীরা: নৌ প্রতিমন্ত্রী

ভারত ও বাংলাদেশের মধ্যে ‘অন-অ্যারাইভভল ভিসা’ চালুর জন্যও কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

পায়রা ঘিরে বিনিয়োগে আগ্রহী ভারতের ব্যবসায়ীরা: নৌ প্রতিমন্ত্রী

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা মঙ্গলবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 08:43 PM

Updated : 23 Jan 2024, 08:43 PM

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পায়রা বন্দর ঘিরে অর্থনৈতিক অঞ্চলে ভারতের ব্যবসায়ীদের বিনিয়োগের আগ্রহ রয়েছে। 

মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

বৈঠকের পর প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের হাই কমিশনার। 

তিনি বলেন, "মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও পায়রা বন্দর হচ্ছে। পায়রা বন্দরকে ঘিরে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে, সেখানে ভারতের ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের আগ্রহ আছে। দুই দেশের মধ্যে নৌপর্যটন শুরু হয়েছে। অন-অ্যারাইভভল ভিসা নিয়ে কিছুটা সমস্যা আছে। এটি আরো সহজ করার জন্য কাজ চলছে।” 

ভারতকে বাংলাদেশের ‘প্রকৃত বন্ধু’ হিসেবে বর্ণনা করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “ভারতের সাথে সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকে রক্ত দিয়ে লেখা। তারা আমাদের সকল ডেভেলপমেন্টের সঙ্গে থাকতে চায়। উন্নয়নের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সরকার যে সকল পদক্ষেপ নেবে, তার সাথে তারা থাকবে। দুই দেশের কানেক্টিভিটি আরো এগিয়ে নিতে কাজ করবে।” 

নৌ পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তফা কামাল বৈঠকে উপস্থিত ছিলেন।