সিটি ব্যাংকের সেবা নেবেন ওয়ালটনের কর্মীরা
চুক্তির আওতায় এখন সিটি ব্যাংক থেকে বেতন-ভাতা, অর্থ প্রদান, অর্থ সংগ্রহ, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ পারসোনাল, হোম ও কার লোন সুবিধা ইত্যাদি প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা পাবেন ওয়ালটন পরিবারের সদস্যরা।
ওয়ালটনের কর্মীদের বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন ব্যাংকিং সেবা দিতে সিটি ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।
রোববার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন হাই-টেকের করপোরেট অফিসে সিটি ব্যাংকের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তির আওতায় এখন সিটি ব্যাংক থেকে বেতন-ভাতা, অর্থ প্রদান, অর্থ সংগ্রহ, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ পারসোনাল, হোম ও কার লোন সুবিধা ইত্যাদি প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা পাবেন ওয়ালটন পরিবারের সদস্যরা।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম এবং সিটি ব্যাংক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান এস এম শামছুল আলম, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার মাসরুর আরেফিন, ওয়ালটনের এএমডি মো. নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শামছুল আলম বলেন, “সিটি ব্যাংকের সঙ্গে ওয়ালটনের দীর্ঘদিনের সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা রয়েছে। আজকের এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সহযোগিতা ও সুসম্পর্কের মাত্রা আরো প্রসারিত হল।”
মাহবুবুল আলম বলেন, “আমরা সর্বদা ওয়ালটন পরিবারের সদস্যদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানে সচেষ্ট থাকি। এরই ধারাবাহিকতায় আজ সিটি ব্যাংকের সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হল। এর ফলে ওয়ালটনে কর্মরত সদস্যরা সিটি ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা আরো দ্রুত ও সহজে পাবেন। এই চুক্তির ফলে সিটি ব্যাংক ও লাভবান হবে।”
আজিজ আল কায়সার বলেন, “বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতে ওয়ালটন সেরা প্রতিষ্ঠান। তারা দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। সিটি ব্যাংকও দেশের সেরা ব্যাংক। আজ দেশের দুই সেরা প্রতিষ্ঠান একত্রিত হয়েছে। এর মধ্য দিয়ে উভয় প্রতিষ্ঠানই উপকৃত হবে। আশা করি- ওয়ালটন ভবিষ্যতে বিভিন্ন ধরনের হাই-টেক পণ্য উৎপাদনে আরও এগিয়ে যাবে। ওয়ালটনের এই অগ্রযাত্রায় সব ধরনের ব্যাংকিং সহযোগিতা প্রদান করবে সিটি ব্যাংক।”
মাসরুর আরেফিন বলেন, “২০১৮ সাল থেকে ওয়ালটনের সঙ্গে কাজ করছে সিটি ব্যাংক। এতোদিন ওয়ালটন পণ্য ক্রয়ে সিটি ব্যাংক কার্ড হোল্ডারদের জিরো ইন্টারেস্টে কিস্তি সুবিধা প্রদান করা হয়েছে। আজ থেকে ওয়ালটনের কর্মরত সদস্যগণকে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং সুবিধাও প্রদান করা হবে। ওয়ালটনের মতো সেরা প্রতিষ্ঠান সিটি ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। ওয়ালটনের প্রতিটি একাউন্টের বিপরীতে একটি করে গাছ রোপণ করা হবে যা সিটি ব্যাংকের গ্রিন ব্যাংকিং এর একটি উদ্যোগ।”
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ওয়ালটন হাই-টেকের এএমডি ও সিএফও মো. জিয়াউল আলম। এরপর অতিথিরা ওয়ালটন করপোরেট অফিসে সিটি ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করেন।
