০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রযুক্তি সেবার উন্নয়ন: কার্ড সেবা ছয় দিন বন্ধের জটিলতায় ৩১ ব্যাংক

প্রযুক্তিগত স্থানান্তরের জন্য ‘কিউ ক্যাশ’ সদস্যদের সেবা বন্ধ থাকবে।

প্রযুক্তি সেবার উন্নয়ন: কার্ড সেবা ছয় দিন বন্ধের জটিলতায় ৩১ ব্যাংক

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 01:54 AM

Updated : 06 Oct 2026, 01:54 AM

প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফরমেশন কনসালট্যান্টস লিমিটেডের (আইটিসি) ‘কিউ ক্যাশ’ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়নের কারণে ছয় দিন এটিএম বুথসহ ডিজিটাল ব্যাকিংয়ের বিভিন্ন সেবা বন্ধের জটিলতায় পড়েছে সরকারি-বেসরকারি ৩১টি ব্যাংক।

‘কিউ ক্যাশ’ নেটওয়ার্কের সেবা গ্রহীতা হওয়ায় এসব ব্যাংক এ জটিলতায় পড়েছে। এরমধ্যে শুধু এ প্রযুক্তি কোম্পানির সেবাগ্রহীতা হওয়ায় কয়েকটি ব্যাংকের সব ধরনের কার্ড ও এটিএম সেবা বন্ধ থাকবে এ কয়দিন।

তবে কিউ ক্যাশ প্রযুক্তি ব্যবহার না করা ব্যাংকগুলোর কার্ড ও ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে তেমন সমস্যা হবে না।

নেটওয়ার্কের উন্নয়ন কাজের সময়কারে ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত কয়েকটি ব্যাংক যেসব সেবা বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে সেগুলো হল- ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড সংক্রান্ত সব সেবা, এনপিএসবি ফান্ড ট্রান্সফার, এটিএম ও সিআরএম সেবা, বাংলা কিউআর সেবা, বিকাশ ফান্ড ট্রান্সফার, পস (পয়েন্ট অব সেল)।

আইটিসি এ বিষয়ক নোটিসে বলেছে, প্রযুক্তিগত স্থানান্তরের জন্য ছয় দিন ‘কিউ ক্যাশ’ সদস্যদের সেবা বন্ধ থাকবে।

তবে আইটিসি স্পষ্ট করে বলেনি কোন ধরনের সেবা বন্ধ থাকবে।

আইটিসি মূলত ব্যাংকগুলোর ডেবিট, প্রিপেইড, ক্রেডিট কার্ডসহ এটিম বুথের লেনদেনে প্রযুক্তিগত সেবা দিয়ে থাকে। সেই সেবার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এনপিএসবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের নেটওয়ার্কও যুক্ত করে দেয় কিউ ক্যাশ।

ব্যাংক এশিয়া ও এনআরবিসি ব্যাংক নিজেদের ওয়েবসাইটে গ্রাহকদের লেনদেন বিষয়ক সমস্যার কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এনআরবিসি ব্যাংক বলেছে, কিউ ক্যাশ নেটওয়ার্ক তার সদস্য ব্যাংকগুলোর জন্য একটি সিস্টেম মাইগ্রেশন কার্যক্রম পরিচালনা করছে। এ কারণে নির্দিষ্ট কিছু কার্ড ও আন্তঃব্যাংক লেনদেন সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

সাময়িকভাবে ডেবিট, প্রিপেইড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বন্ধ ও সীমিত এবং সিআরএম মেশিন থেকে নগদ অর্থ উত্তোলন বন্ধ থাকবে। পস, বাংলা কিউআর এবং এনপিএসবির মাধ্যমে অর্থ স্থানান্তর ও ক্রেডিট কার্ডের বিল জমা দেওয়াও বন্ধ থাকবে। তবে আরটিজিএস ও ব্যাংকের মোবাইল অ্যাপ সেবা চালু থাকবে বলেছে এনআরবিসি।

ব্যাংক এশিয়া তাদের ওয়েবসাইটে প্রায় একই তথ্য দিয়েছে।

অন্যদিকে ক্রেডিট ও প্রিপেইড কার্ডের লেনদেন বন্ধ থাকলেও ডেবিট কার্ড সচল থাকার তথ্য দিয়ে ট্রাস্ট ব্যাংক বলেছে, তবে কিউ ক্যাশ নেটওয়ার্কে না থাকা ব্যাংকের সঙ্গে অর্থ লেনদেন করা যাবে এ সময়ে।

কিউ ক্যাশ সদস্য ব্যাংকগুলোর বেশিরভাগই সেবা বন্ধ হওয়া সংক্রান্ত বিষয়টি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেনি সোমবার রাত ১১টা পর্যন্ত।

এ বিষয়ে জানতে কি-ক্যাশ নেটওয়ার্কের প্রতিষ্ঠান আইটিসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী সাইফুদ্দিন মুনিরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠালেও কোনো উত্তর দেননি তিনি।

প্রতিষ্ঠানটির ‘সহায়ক ডেক্সে (হেল্প ডেক্স)’ যোগাযোগ করলে আইটিসির কর্মকর্তা পরিচয়ে রিপন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমাদের সদস্য ব্যাংক হচ্ছে ৩১টি। টেকনোলজি আপগ্রেডেশনের সময়ে সব সেবাই বন্ধ থাকবে তাদের। ব্যাংকগুলোকে তো জানানো হয়েছে।’’

আইটিসির কাছ থেকে ‘কিউ ক্যাশ’ সেবা নেওয়া ব্যাংকগুলোর মধ্যে- রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক পিএলসি, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক আল ফালাহ, ব্যাংক এশিয়া, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক রয়েছে।

আরো রয়েছে মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক ইসলামী, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এসআইবিএল, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও উত্তরা ব্যাংক।

কিউ ক্যাশ নেটওয়ার্ক ব্যবহারকারী মধুমতি ব্যাংক ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তিতে বলেছে, ডেবিট-ক্রেডিটসহ সব ধরনের কার্ড সেবা ও এনপিএসবি সেবা বন্ধ থাকবে।

এতে বলা হয়েছে, ‘‘মধুমতি ব্যাংকের সকল ক্রেডিট/ডেবিট/প্রিপেইড কার্ড, এটিএম, আইবিএফটি এবং কিউআর লেনদেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’’