বিমানের বহরে নতুন এয়ার কন্ডিশনিং, এয়ার স্টার্ট ইউনিট ও বেল্ট লোডার
গত দুই বছরে ৪৮টি মটরাইজড এবং ৩৫০টি নন-মটরাইজড জিনিসপত্র ক্রয় করা হয়েছে।
গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে গ্রাউন্ড সার্ভিস ইক্যুইপমেন্ট (জিএসই) বহরে সাতটি এয়ার কন্ডিশনিং ও দুটি এয়ার স্টার্ট ইউনিট এবং নয়টি বেল্ট লোডার যুক্ত করেছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গেল এক সপ্তাহে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব যন্ত্রপাতি এসে পৌঁছায় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান।
এছাড়া, আরও চারটি অ্যাম্বুলিফট, ২টি কন্টেইনার প্যালেট লোডার, ১২টি কন্টেইনার প্যালেট ট্রান্সপোর্টার, ৪টি পুশব্যাক টো-ট্রাক্টর, ৬টি প্যাসেঞ্জার স্টেপ, ২৫০টি ব্যাগেজ কার্ট এবং ৪০০টি ইউএলডি এক থেকে দুই মাসের মধ্যে জিএসই বহরে সংযুক্ত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিমান বলছে, এসব যন্ত্রপাতি জিএসই বহরে যুক্ত হলে অসুস্থ যাত্রী পরিবহন, দ্রুত ব্যাগেজ পরিবহন ও ডেলিভারি এবং যাত্রী ওঠা-নামায় সক্ষমতা ‘বহুগুণ' বাড়বে।
বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিচ্ছে বিমান।
বিমান বলছে, থার্ড টার্মিনালকে কেন্দ্র করে গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা উন্নয়নের জন্য ক্রয় প্রক্রিয়া জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মোট ৮৮টি মটরাইজড ও ৬৫০টি নন-মটরাইজড জিনিসপত্র কেনার প্রক্রিয়া চলছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত দুই বছরে ৪৮টি মটরাইজড এবং ৩৫০টি নন-মটরাইজড জিনিসপত্র ক্রয় করা হয়েছে।
এয়ারক্রাফট এয়ার কন্ডিশনিং ইউনিটগুলোর কমিশনিং ইতোমধ্যেই হয়েছে এবং এয়ার স্টার্ট ইউনিট ও বেল্ট লোডারের কমিশনিং শিগগিরই হবে। এরপরই এসব যন্ত্রপাতি দিয়ে কাজ শুরু হবে।
নতুন যন্ত্রপাতি জিএসই বহরে সংযোজনের ফলে ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্বল্প সময়ে যাত্রীদের ব্যাগেজ পৌঁছানোর পাশাপাশি যথাসময়ে ফ্লাইটের বহির্গমন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিমান।
বিমানের ভাষ্য, এয়ারক্রাফট এয়ার কন্ডিশনিং ইউনিটের মাধ্যমে রানওয়েতে থাকা অবস্থায় উড়োজাহাজে আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া, এয়ার স্টার্ট ইউনিটের মাধ্যমে যথাসময়ে ফ্লাইটের বহির্গমন নিশ্চিত করা সম্ভব হবে।
