২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ফোর-জিতে উত্তরণে বন্ধ হল বাংলালিংকের থ্রি-জি

২০১৮ সালে চালু হওয়া ফোর-জির গতি থ্রি-জির চেয়ে প্রায় দ্বিগুণ। এখন দেশে ফাইভ-জি সেবা শুরু করার কথা বলছে মোবাইল অপারেটরগুলো।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 05:48 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

দেশজুড়ে থ্রি-জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক। 

পুরোপুরি ফোর-জিতে উত্তরণের অংশ হিসেবে নেটওয়ার্কের মান ও গতি বৃদ্ধি করতে তারা এ উদ্যোগ নিয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, সারা দেশে ৫ মে দেশের প্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে বাংলালিংকের থ্রি-জি সেবা বন্ধ করা হয়েছে। এ জন্য ২০২১ সাল থেকে পর্যায়ক্রমে থ্রি-জি সেবা বন্ধ করার প্রক্রিয়া চালিয়ে আসছিল অপারেটরটি।

বাংলালিংক-এর সিইও এরিক অসের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোর-জির জন্য বরাদ্দ তরঙ্গসহ অন্যান্য ‘রিসোর্স’ আরও বাড়িয়ে গ্রাহক অভিজ্ঞতাকে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাবে বাংলালিংক।

২০১২ সালের অক্টোবরে দেশে মোবাইল নেটওয়ার্কের থ্রি-জি সেবা উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৩ সালে সেই সেবা গ্রাহক পর্যায়ে পৌঁছায়। 

২০১৮ সালে দেশে চালু হয় ফোর-জি সেবা; যেখানে মোবাইল ইন্টারনেটের গতি থ্রি-জির চেয়ে প্রায় দ্বিগুণ।

এখন দেশে ফাইভ-জি সেবা শুরু করার কথা বলছে মোবাইল অপারেটরগুলো। 

যদিও তারা বলছে, সাধারণ ব্যবহারের ক্ষেত্রে ফোর-জির চেয়ে ফাইভ-জি বিশেষ কোনো মাত্রা যোগ করবে না। তবে শিল্পকারখানা ও বন্দরের অটোমেশনের মত ক্ষেত্রগুলোতে ফাইভ-জির কার্যকর ব্যবহার রয়েছে।

গ্রামীণফোন ও রবি গত দুই বছর ধরে ধাপে ধাপে থ্রি-জি বন্ধের কাজ চালিয়ে আসছে।