Published : 13 May 2026, 07:49 PM
চলতি সপ্তাহে তৃতীয় দফায় ১২২ টাকা ৭৫ পয়সা দরে আরও আড়াই কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার দুটি ব্যাংক থেকে এ ডলার কেনার তথ্য দেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত কেনা হয়েছে ১৭ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এ পর্যন্ত বাজার থেকে মোট ৫৮৪ কোটি ৩৫ লাখ ডলার কেনা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুই কোটি ডলার কেনার পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ হয় বিপিএম ৬ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ নির্ধারিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ গণনার মানদণ্ড) পদ্ধতিতে ২৯ দশমিক ৫৬ বিলিয়ন। তবে বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাবে তা ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলার।
চলতি মাসে প্রবাসী আয় বা রেমিটেন্স এখনো ইতিবাচক ধারায় রয়েছে। মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন ১৬০ কোটি ৫০ লাখ ডলার। এটি আগের বছরের একই সময়ের চেয়ে ৪১ দশমিক ৬০ শতাংশ বেশি। ২০২৫ সালের এই সময়ে রেমিটেন্স আসে ১১৩ কোটি ৪০ লাখ ডলার।
চলতি অর্থবছরে গত জুলাই থেকে এ পর্যন্ত রেমিটেন্স এসেছে ৩০ দশমিক ৯৩ বিলিয়ন ডলার; যা আগের বছরের চেয়ে ২০ দশমিক ৫০ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিটেন্স আসে ২৫ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।