Published : 01 Dec 2025, 09:57 PM
তফসিলি ব্যাংক হিসেবে আগ্রহপত্র (লেটার অব ইনটেন্ট-এলওআই) দেওয়ার তিন সপ্তাহের মধ্যেই চূড়ান্ত লাইসেন্স পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’।
সোমবার নতুন ব্যাংক হিসেবে যাত্রার প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারের কাছে লাইসেন্স হস্তান্তরের মধ্য দিয়ে ব্যাংকটিকে তফসিলি ব্যাংকের তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
এদিন পরিপত্রও জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকটির লাইসেন্স হস্তান্তর করেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আজিমুদ্দিন বিশ্বাস ও যুগ্ম সচিব শেখ ফরিদ সেটি গ্রহণ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়া।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, লেটার অব ইনটেন্টের শর্ত মোতাবেক সম্মিলিত ইসলামী ব্যাংক রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস এ নিবন্ধিত হয়েছে এবং ব্যাংকটির পরিশোধিত মূলধন হিসেবে নির্ধারিত ৩৫ হাজার কোটি টাকার মধ্যে সরকারের অংশ ২০ হাজার কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।
ব্যাংকটি আর্থিক সংকটে জেরবার হওয়া শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক আত্মীকরণ করবে।
সবশেষ ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সিটিজেনস ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছিল।
এর এক বছর আগে, ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ এ দুটিসহ পিপলস ব্যাংক প্রতিষ্ঠায় এলওআই দিয়েছিল।
তবে শর্ত পূরণ ও মূলধনের বৈধ উৎস দেখাতে না পারায় পিপলস ব্যাংককে চূড়ান্ত লাইসেন্স না দিয়ে এলওআই বাতিল করে কেন্দ্রীয় ব্যাংক।