১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অফশোর ব্যাংকের বিদেশি মুদ্রা জামানত রেখে টাকায় মিলবে ঋণ

অর্থায়ন সহজ করতে শর্তসাপেক্ষে ঋণ নেওয়ার এমন সুযোগ দিয়ে সার্কুলার করেছে বাংলাদেশ ব্যাংক।

অফশোর ব্যাংকের বিদেশি মুদ্রা জামানত রেখে টাকায় মিলবে ঋণ
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2025, 07:32 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

বাণিজ্যিক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) থাকা বিদেশি মুদ্রার আমানতের অর্থ জামানত হিসেবে রেখে দেশের কোম্পানি ও ব্যক্তিকে টাকায় ঋণ দেওয়া যাবে।

ব্যাংক থেকে অর্থায়ন সহজ করতে শর্তসাপেক্ষে ঋণ নেওয়ার এমন সুযোগ দিয়ে বৃহস্পতিবার সার্কুলার করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে ওবিইউ ছাড়াও ’প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট’ ও ‘নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টে’ থাকা অর্থও জামানত হিসেবে ব্যবহার করে টাকায় ঋণ নেওয়া যাবে।

তবে ওবিইউতে পরিচালিত ’ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্টে’ থাকা অর্থ জামানত হিসেবে ব্যবহার করা যাবে না।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বিদেশে থাকা প্রবাসী বাঙালি, দেশে অবস্থানরত বিদেশি নাগরিক কিংবা বিদেশি কোম্পানি অফশোর ব্যাংকিং ইউনিটে সংরক্ষিত বিদেশি মুদ্রার বিপরীতে টাকায় ঋণ নেওয়ার সুযোগ তৈরি হল।

এক্ষেত্রে শুধু স্বল্পমেয়াদি চলতি মূলধনী ঋণ দেওয়া যাবে এবং জামানতের জন্য কোনো চার্জ বা ফি প্রদেয় হবে না। তবে প্রয়োজনে বিদেশি মুদ্রা বিনিময় হারের ঝুঁকি মোকাবিলায় ব্যাংক জামানতের কিছু অংশ মার্জিন হিসেবে রাখতে পারবে।

ঋণ পরিশোধ না হলে নির্ধারিত আনুষ্ঠানিকতা মেনে সংশ্লিষ্ট বিদেশি মুদ্রা নগদায়ন করে ঋণ সমন্বয় করতে হবে।

এমনক্ষেত্রে ঋণ গ্রহণকারী খেলাপি হলে জামানত হিসেবে রাখা আমানত ব্যাংকের মালিকানায় চলে আসবে।

এ ধরনের ঋণের বেলায় ওবিইউ অ্যাকাউন্টধারীর সঙ্গে ঋণ গ্রহণকারী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের যৌক্তিক সম্পর্ক থাকতে হবে। অর্থাৎ যার আমানত তার অনুমতি সাপেক্ষে ঋণ দেওয়া যাবে। এজন্য সংশ্লিষ্ট ব্যাংককে কাগজপত্র যাচাই বাছাই করে এ ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এ ঋণ পাওয়ার জন্য বিদেশের ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকতে হবে।

অফশোর ব্যাংকিং হল এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যেখানে একটি ব্যাংক অন্য দেশের মুদ্রা ও গ্রাহকদের সঙ্গে লেনদেন করে। এটি সাধারণত একটি পৃথক ইউনিট বা বিভাগের মাধ্যমে পরিচালিত হয়, যা ’অফশোর ব্যাংকিং ইউনিট’ নামে পরিচিত।

বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশি এবং বিদেশে নিবন্ধিত কোম্পানিগুলো বিদেশি মুদ্রায় ওবিইউতে আমানত রাখতে পারে।