১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিকাশে অর্থ পরিশোধ করতে পারবেন আইডিএলসি গ্রাহকরা

প্রতি লেনদেনের বেলায় মোট অঙ্কের দেড় শতাংশ অর্থাৎ প্রতি ১০০ টাকায় দেড় টাকা হারে সেবা ফি কেটে নেবে বিকাশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 09:46 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির গ্রাহকরা সব ধরনের অর্থ পরিশোধ করতে পারবেন এমএফএস প্রতিষ্ঠান বিকাশ এর মাধ্যমে।

মঙ্গলবার বিকাশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি আইডিএলসি ও বিকাশ যৌথভাবে এই সেবা চালু করেছে। আইডিএলসি গ্রাহকরা ঋণের কিস্তি, ডুপ্লিকেট ডকুমেন্ট ইস্যু চার্জ, স্টেটমেন্ট ও সার্টিফিকেট চার্জ, আবগারি শুল্ক, লেট পেমেন্ট ইন্টারেস্ট এবং লোন প্রসেসিং ফি পেমেন্টের মত লেনদেনগুলো বিকাশ অ্যাপের মাধ্যমে করতে পারবেন।

বিকাশ জানিয়েছে, প্রতি লেনদেনের বেলায় মোট অঙ্কের দেড় শতাংশ অর্থাৎ প্রতি ১০০ টাকায় দেড় টাকা হারে সেবা ফি কেটে নেবে বিকাশ।

ঋণের কিস্তি বা অন্যান্য ফি পরিশোধ করতে প্রথমে বিকাশ অ্যাপের ‘পে বিল’ আইকনে গিয়ে ‘আদার্স’ বা ‘সার্চ’ অপশন থেকে আইডিএলসি সিলেক্ট করে নিতে হবে।

‘পারপাস’ অপশন থেকে গ্রাহক যে ধরনের লেনদেন সম্পন্ন করতে চান, সেটা সিলেক্ট করতে হবে এবং ‘অ্যাকাউন্ট’ বা ‘রেফারেন্স’ নম্বর বসিয়ে পরবর্তী ধাপে যেতে হবে, যেখানে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ঋণ বা ফি এর পরিমাণ চলে আসবে।

এরপর গ্রাহক পিন নাম্বার দিয়ে সম্মতি দিলেই লেনদেন সম্পন্ন হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর গ্রাহক চাইলে বিলের ডিজিটাল রশিদ ডাউনলোড করে নিতে পারবেন।