২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট বছর পর ৭ প্রতিষ্ঠান নিয়ে শুরু ‘সিঙ্গেল উইন্ডো’

২০১৭ সালে এনবিআর 'ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো' প্রকল্প চালু করে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এখন থেকে এটি বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো নামে পরিচিত হবে।

আট বছর পর ৭ প্রতিষ্ঠান নিয়ে শুরু ‘সিঙ্গেল উইন্ডো’
রাজধারীর একটি হোটেলে বৃহস্পতিবার ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 12:13 AM

Updated : 10 Sep 2026, 12:28 PM

আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ করতে শুল্কসংক্রান্ত সংস্থাগুলোকে অনলাইনের একই জায়গায় আনার মধ্য দিয়ে আট বছর আগে হাতে নেওয়া একটি প্রকল্পের ‘আংশিক’ বাস্তবায়ন করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেল ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ (বিএসডব্লিউ) নামের ওই প্রকল্প উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

এ প্রকল্পের আওতায় ১৯টি সংস্থাকে একটি প্ল্যাটফর্মে আনার কথা। তবে শুরুতে এসেছে সাতটি।

সালেহউদ্দিন বলেন, “এখানে দেখলাম ১৯টার মধ্যে সাতটা সংস্থা এসেছে। আগামী ফেব্রুয়ারি থেকে এই সাতটি কোনো কাগজপত্র ব্যবহার করবে না; সব অনলাইনে হবে।

“আর ১২টা সম্পর্কে আমি একটা সময়সীমা দিয়েছি। সেটা হলো মার্চ। তাদেরকে মার্চেই শুরু করতে হবে। না হলে কী করবেন, আপনারা বলেন। আমার কাছে কিছু অস্ত্র আছে উপদেষ্টা হিসেবে, সেগুলো না হয় আমি প্রয়োগ করব।"

বিএসডব্লিউর আওতায় আসা সাত সংস্থা হল- পরিবেশ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিস্ফোরক অধিদপ্তর, বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উইপনস কনভেনশন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ।

২০১৭ সালে এনবিআর 'ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো' প্রকল্প চালু করে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এখন থেকে এটি বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো নামে পরিচিত হবে। 

এ প্ল্যাটফর্ম আন্তর্জাতিক বাণিজ্যসম্পর্কিত পারমিট, লাইসেন্স, প্রশংসাপত্র এবং শুল্ক ঘোষণার প্রক্রিয়াগুলোকে স্বয়ংক্রিয় করবে। বলা হচ্ছে, কর ফাঁকি রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, "একটা সিঙ্গেল উইন্ডো বা একটা সিঙ্গেল প্রসেস সত্যিই ব্যবসা উন্নত করবে এবং পরিবেশ ডিজিটালে রূপান্তর করবে।"

একটি দেশের উদাহরণ টেনে তিনি বলেন, "ওরা কঠিন সংস্কারের মধ্যে না গিয়ে যেটা করেছে, প্রতিষ্ঠানের উন্নতি করেছে; সিস্টেম এবং প্রক্রিয়ার উন্নয়ন ঘটিয়েছে। তাদের উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে।

"আমরা সবসময় বলি, সংস্কারের নিদর্শন রেখে যাব। আমার মনে হয়, এই নিদর্শন (সিঙ্গেল উইন্ডো) ইফেক্টিভ হবে। আগামীতে যে সরকারই আসুক, খাতা-কাগজে বা মাল্টিপল উইন্ডোতে যেতে পারবে না।”

তিনি বলেন, “আমাদের অর্থ সচিব, ইআরডি সচিব, বাংলাদেশ ব্যাংক আবেদন আমার কাছে আসতে দেবেন না। অনলাইনে আবেদন না হলে সংশ্লিষ্ট বিভাগের বরাদ্দ আটকে যাবে।”

উপদেষ্টা বলেন, “আমরা দীর্ঘদিন বলে এসেছি, স্মার্ট বাংলাদেশ হয়েছে, আমরা উন্নয়নের মহাসড়কে উঠেছি। এই ধরনের অনেক ন্যারেটিভ তৈরি হয়েছে। অথচ একটা থানার কাগজ পুড়ে গেলে অনলাইন না থাকায় তার হদিস পাওয়া যাচ্ছে না।”

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “একটা ফাইল একবার নিচ থেকে উপরে আসে। ১৫ দিন পর দেখি আবার আসছে। আমাদের এই আমলাতান্ত্রিক নির্ভরশীলতা দূর করতে হবে।

“অধিদপ্তরের সব সেবা ডিজিটালাইজড ও অনলাইনভিত্তিক করা হবে। বাড়ানো হবে অন্যান্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়। অনেকেই পরিবেশগত ছাড়পত্রকে শুধুই আনুষ্ঠানিকতা মনে করেন। তবে এখন থেকে এটি সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে দেওয়া হবে।"

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, “এখন থেকে ব্যবসায়ীরা এ প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে আমদানি ও রপ্তানিসংক্রান্ত সব প্রশংসাপত্র, লাইসেন্স এবং পারমিট পেতে পারবেন। ফলে কাগজপত্র সংগ্রহে অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।