২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি কার্গো নিরাপত্তা: ঢাকায় ইডিডি পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় ইডিএস চালু

এর ফলে সরাসরি যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো বিস্ফোরক শনাক্তকারী কুকুর দিয়ে তল্লাশির নিয়ম পুনর্বহাল হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 10:08 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গোর নিরাপত্তা বাড়াতে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) বা বিস্ফোরক শনাক্তকারী কুকুর দিয়ে তল্লাশির নিয়ম পুনর্বহাল করেছে যুক্তরাজ্য। 

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক বলেছে, এর ফলে সরাসরি যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো এ পদ্ধতিতে স্ক্রিনিং করা হবে।  

তাতে রপ্তানি কার্যক্রমে ‘আস্থা বৃদ্ধি পাবে’ এবং কোনো ধরনের বিলম্ব বা অতিরিক্ত পুনঃপরীক্ষার ঝুঁকি কমবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থা। 

সেইসঙ্গে এ ব্যবস্থা সরাসরি কার্গো পরিবহন সক্ষমতা বাড়িয়ে রপ্তানিকারকদের সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়তা করবে বলে বেবিচকের ভাষ্য।

এদিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস) বা বিস্ফোরক সনাক্তকরণ ব্যবস্থা সচল হয়েছে।

বেবিচক বলছে, এর ফলে রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই পদ্ধতি চালু করায় এ বিমানবন্দরে রপ্তানি কার্গো স্ক্রিনিং কার্যক্রম আরও দ্রুত, নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি কার্গো প্রক্রিয়াজাতকরণে সময় কমবে এবং রপ্তানি কার্যক্রমে গতি আসবে। 

বাংলাদেশ থেকে রপ্তানি কার্গো সরাসরি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যে পাঠানোর ক্ষেত্রে ২০১৭ সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ‘থার্ড কান্ট্রি ইইউ এভিয়েশন সিকিউরিটি ভ্যালিডেটেড রেগুলেটেড এজেন্ট ভ্যালিডেশন’ অর্জন করে। 

এর আওতায় রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস), এক্স-রে, এক্সপ্লোসিভ ট্রেস ডিটেকশন (ইটিডি) বা বিস্ফোরক অবশিষ্টাংশ সনাক্তকরণ এবং ইডিডি—এই চারটি পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল।

২০২১ সালে যুক্তরাজ্যের পরিবহন বিভাগ সরাসরি যুক্তরাজ্যগামী কার্গোর ক্ষেত্রে ইডিডি পদ্ধতির অনুমোদন সাময়িকভাবে স্থগিত করে। 

পরে বেবিচকের উদ্যোগ, ধারাবাহিক কূটনৈতিক ও কারিগরি সমন্বয় এবং যুক্তরাজ্যের পরিবহন বিভাগ ও ইইউর বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে যুক্তরাজ্যগামী কার্গোর জন্য এর অনুমোদন পুনর্বহাল করা সম্ভব হয়েছে বলে বেবিচকের ভাষ্য।

অন্যদিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ২০২১ সালে ‘রেগুলেটেড এজেন্ট ভ্যালিডেশন’ অর্জনের মাধ্যমে ইইউ ও যুক্তরাজ্যে সরাসরি রপ্তানি কার্গো কার্যক্রম শুরু করে। কিছু সময় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও ২০২৫ সালের এপ্রিল মাস থেকে পুনরায় নিয়মিত কার্গো অপারেশন চালু রয়েছে।

সিলেট বিমানবন্দরে ইতোমধ্যে তিনটি স্ক্রিনিং পদ্ধতি চালু ছিল। সম্প্রতি দ্বিতীয় ইডিএস চালু হওয়ায় বিমানবন্দরটির রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা বেড়েছে।