ঢাকা-সিলেট রুটে ফিরছে এয়ার অ্যাস্ট্রা
একমুখী যাত্রায় সর্বনিন্ম ভাড়া পড়বে ৪ হাজার ৬৯৯ টাকা।
কোরবানির ঈদ সামনে রেখে ঢাকা-সিলেট রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি এয়ারলাইন্স— এয়ার অ্যাস্ট্রা।
২৯ মে থেকে এ রুটে প্রতিদিন দুটি ফ্লাইট চালাবে এয়ারলাইন্সটি।
শনিবার এয়ারলাইন্সটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে সিলেট রুটে ফ্লাইটগুলো ছেড়ে যাবে সকাল সাড়ে ৭টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায়।
আর সিলেট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে সকাল ৮টা ৫০ মিনিটে এবং রাত ৮টা ৫০ মিনিটে। এ রুটে একমুখী যাত্রায় সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৯৯ টাকা।
এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, “সিলেট এয়ার অ্যাস্ট্রার জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। এয়ারক্রাফট স্বল্পতার কারণে আমরা কিছুদিনের জন্য সিলেট রুটে ফ্লাইট স্থগিত রেখেছিলাম, যা এখন থেকে নিয়মিত চলবে।”
এয়ারলাইন্সটির জনসংযোগ শাখার উপব্যবস্থাপক সাকিব হাসান শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদ সামনে রেখে ফ্লাইট পরিচালনা শুরু করলেও এখন থেকে এ রুটে নিয়মিত ফ্লাইট চলবে।”
২০২২ সালের ২৪ নভেম্বর থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালানো শুরু করে এয়ার অ্যাস্ট্রা। এরপর চট্টগ্রাম, কক্সবাজারের পর তৃতীয় রুট হিসেবে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি সিলেট রুটে ফ্লাইট চালু করে তারা। এরপর ২০২৪ সালের মে মাসে এই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয় এয়ারলাইন্সটি।
বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন চারটি, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে পাঁচটি এবং সৈয়দপুর রুটে তিনটি ফ্লাইট চালায় এয়ার অ্যাস্ট্রা।
তাদের বহরে চারটি ‘এটিআর ৭২-৬০০’ উড়োজাহাজ রয়েছে।
