২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বীকন ফার্মার প্রয়াত এমডি এবাদুল করিমের জন্য শনিবার দোয়া মাহফিল

দেশের অন্যতম বৃহৎ প্রসাধন সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি কোহিনূর কেমিক্যালসেরও পরিচালক ছিলেন এবাদুল করিম।

বীকন ফার্মার প্রয়াত এমডি এবাদুল করিমের জন্য শনিবার দোয়া মাহফিল
মো. এবাদুল করিম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 02:26 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

বীকন ফার্মাসিউটিক্যালসের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক মো. এবাদুল করিমের রুহের মাগফিরাত কামনায় শনিবার বাদ আসর গুলশান সোসাইটি জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে তার পরিবার।  

হৃদরোগে আক্রান্ত হয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবাদুল করিম। সোমবার তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টায় শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। 

সেদিন বাদ আসর গুলশান সোসাইটি জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

দেশের অন্যতম বৃহৎ প্রসাধন সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি কোহিনূর কেমিক্যালসেরও পরিচালক ছিলেন এবাদুল করিম। তার ভাই রেজাউল করিম কোহিনূর কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক।

বাংলাদেশের ব্যবসা জগতে এবাদুল করিম পরিচিত নাম। স্নাতক শেষ করেই তিনি ব্যবসায় নামেন। গত কয়েক দশকে ওষুধের পাশাপাশি আবাসন, ভোগ্যপণ্যসহ বিভিন্ন খাতে তিনি ব্যবসা সম্প্রসারণ করেছেন। 

বীকন ডেভেলপমেন্ট লিমিটেডের এমডি এবং বীকন পয়েন্ট লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন এবাদুল করিম। 

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে এবাদুল করিম স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।