অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল
এ সিদ্ধান্তের ফলে সাশ্রয়ে ডলার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে ব্যাংকগুলোর।
অভ্যন্তরীণ ব্যাংকিং কার্যক্রমে বৈদেশিক মুদ্রার তহবিল ব্যবস্থাপনা আরও দক্ষ ও সাশ্রয়ী করতে অফশোর ব্যাংকিং ইউনিটগুলোকে (ওবিইউ) সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচা ও সোয়াপ বা অদলবদলের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর ফলে সাশ্রয়ে ডলার পাওয়ার সুযোগ বাড়লো ব্যাংকগুলোর।
বাণিজ্যিক ব্যাংকে নতুন সিদ্ধান্ত দিয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক এক পরিপত্রে বলেছে, “বৈদেশিক মুদ্রার তহবিল ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও সাশ্রয়ী করতে অফশোর ব্যাংকিং ইউনিটগুলোকে বৈদেশিক মুদ্রা সরাসরি কেনা-বেচা এবং ক্রস-কারেন্সি সোয়াপ (ভিন্ন দুটি মুদ্রায় ঋণের আসল টাকা এবং সুদের পেমেন্ট একে অপরের সাথে অদলবদল) লেনদেনের সুযোগ দেওয়া হল।’’
কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এই সিদ্ধান্তে বাণিজ্য ও ব্যবসায়িক কার্যক্রমে প্রতিযোগিতামূলক ব্যয়ে বৈদেশিক মুদ্রায় অর্থায়নের সুযোগ আরও বাড়বে।
মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্রেজারি কার্যক্রমের সঙ্গে দেশের অফশোর ব্যাংকিং কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করতেই এ সুবিধা দেওয়া হয়।
নতুন ব্যবস্থার আওতায় অফশোর ইউনিটগুলো নিজ নিজ ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম, অন্য অনুমোদিত ডিলার ও সরাসরি বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় এবং ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেন করতে পারবে।
এ সুবিধায় অভ্যন্তরীণ চাহিদা মেটাতে অফশোর ইউনিটগুলোর বর্তমানের চেয়ে বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা যোগাড় করার সুযোগ তৈরি হবে। বিনিয়োগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় অফশোর ইউনিটগুলো আরও সক্রিয় হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ঠ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অফশোর ইউনিটগুলো এখন চাইলেই স্থানীয় ব্যাংকিংয়ে ডলারের যোগান দিতে পারবে। আরও বেশি ডলার পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় ব্যাংকগুলোর মধ্যে ডলার সরবরাহ বেড়ে যাবে। এতে ব্যাংকগুলোর মধ্যে ডলার বিক্রিতে প্রতিযোগিতা বাড়বে। ব্যবসায়ীরা আরও সাশ্রয়ে ডলার নিতে পারবেন।’’
