১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পোশাক খাতের রিসাইক্লিং-শিল্পে বিনিয়োগে আগ্রহ ব্রিটিশ মন্ত্রীর

কৃষিপণ‌্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক অন‌্যান‌্য শিল্পেও যুক্তরাজ্য বিনিয়োগ করতে পারে বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

পোশাক খাতের রিসাইক্লিং-শিল্পে বিনিয়োগে আগ্রহ ব্রিটিশ মন্ত্রীর

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান শুক্রবার যুক্তরাজ‌্যের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী লর্ড ডমিনিক জনসনের সঙ্গে বৈঠক করেন।

লন্ডন প্রতিনিধি

Published : 11 Dec 2022, 07:32 PM

Updated : 11 Dec 2022, 07:32 PM

বাংলাদেশের তৈরি পোশাক খাতের রিসাইক্লিং-শিল্পে বিনিয়োগসহ দুদেশের ব‌্যবসা-বাণিজ‌্যের উন্নয়ন ও সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছেন যুক্তরাজ‌্যের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী লর্ড ডমিনিক জনসন।

শুক্রবার লন্ডনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাক খাতের রিসাইক্লিং-শিল্পে বিনিয়োগ ও দুই দেশের মধ্যে ব‌্যবসা-বাণিজ‌্যের অধিকতর উন্নয়ন ও সম্প্রসারণে আরও ঘনিষ্টভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ডমিনিক জনসন।

বৈঠকে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ‌্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুদৃঢ় ভিত্তি বিগত পঞ্চাশ বছরে নানাভাবে বিকশিত হয়েছে।

বিনিয়োগের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশের তৃতীয় বৃহৎ বাণিজ‌্যিক অংশীদার যুক্তরাজ‌্য সম্ভাবনাময় রিসাইক্লিং-শিল্পে বিনিয়োগ ও কারিগরি সহায়তা দিতে বিশেষ ভূমিকা রাখতে পারে।

নিরাপদ শ্রম পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ইতোমধ‌্যে বিভিন্ন উদ্যোগে অগ্রসর হয়েছে বলেও ব্রিটিশ মন্ত্রীকে জানান সালমান এফ রহমান।

নবায়নযোগ‌্য জ্বালানি খাতে বিদুৎ উৎপাদনের চাহিদা রয়েছে জানিয়ে তিনি বলেন, যেহেতু খাদ‌্য উৎপাদন ব‌্যাহত করে বাংলাদেশ এ খাতে প্রয়োজনীয় জমি দিতে পারছে না, সেক্ষেত্রে পানিতে ভাসমান টেকনোলজির মাধ্যমে ‘সোলার পাওয়ার’ উৎপাদনে যুক্তরাজ্য বিনিয়োগ করতে পারে।

Image

বাংলাদেশে যুক্তরাজ‌্যের ট্রেড অনভয় ব্রিটিশ সংসদ এমপি রুশনারা আলীর সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান।

পাশাপাশি কৃষিপণ‌্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিভিত্তিক অন‌্যান‌্য শিল্পেও দেশটি বিনিয়োগ করতে পারে বলে মত দেন তিনি।

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন বা বিদ‌্যমান কোন অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ দেওয়া যেতে পারে, লর্ড জনসনকে তাও অবহিত করেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

লর্ড জনসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রশংসা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্রিটিশ বিনিয়োগ বিষয়ক মন্ত্রী জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ব‌্যবসা-বাণিজ‌্য ও শিল্প-বিনিয়োগ সম্পর্ক আরও বহুমাত্রিক ও সম্প্রসারিত করার ব্যাপারে তিনি আশাবাদী। এ ক্ষেত্রে যুক্তরাজ‌্যের রপ্তানি সহায়তা ঋণ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।

ব্রিটিশ মন্ত্রী ‘এয়ারবাস থেকে কার্গো বিমান’ ক্রয় এবং বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে এয়ারবাসের আরও সম্পৃক্ত হওয়ার কথা উল্লেখ করলে সালমান রহমান তাকে বলেন, আগামী ফেব্রয়ারিতে এয়ারবাসের উদ‌্যোগে ঢাকায় আন্তর্জাতিক এভিয়েশন সামিট যাতে সফল হয়, সে ব‌্যাপারে সব ধরনের সহযোগিতা করা হবে ।

এছাড়া যুক্তরাজ‌্যের শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে জটিলতার কথা তুলে ধরে উপদেষ্টা সেসব বিষয় খতিয়ে দেখার আহ্বান জানান।

এর আগে বৃহস্পতিবার সালমান এফ রহমান বাংলাদেশে যুক্তরাজ‌্যের ট্রেড অনভয় ব্রিটিশ এমপি রুশনারা আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে হওয়া ওই বৈঠকে তিনিও (রুশনারা) বাংলাদেশের রিসাইক্লিং এবং কৃষি ও কৃষি প্রক্রিাজাতকরণ শিল্পে আরো বেশি বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।

লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম দুই বৈঠকেই অংশ নেন।