১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর্থিক প্রতিষ্ঠানে ৪ পদে অব্যাহতির আগেই জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংককে

এসব পদে কোনো ব্যক্তি একই সঙ্গে একাধিক পদে বহাল থাকতে পারবেন না।

আর্থিক প্রতিষ্ঠানে ৪ পদে অব্যাহতির আগেই জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংককে

বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 09:51 PM

Updated : 13 Jun 2023, 09:51 PM

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) শীর্ষ পর্যায়ের চার পদে কোনো কর্মকর্তা একাধিক দায়িত্বে থাকতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এ প্রজ্ঞাপনে একই সঙ্গে এ চার পদে কারও নিয়োগ ও অব্যাহতির বিষয়ে এখন থেকে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। নিয়োগের ১৫ দিনের সংশ্লিষ্ট কর্মকর্তার জীবনবৃত্তান্ত এবং অব্যাহতির ক্ষেত্রে এক মাস আগে জানাতে হবে।         

এ চার পদ হল- অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন (আইসিসি) বিভাগের প্রধান, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা (সিআরএম) বিভাগের প্রধান, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিব।

প্রজ্ঞাপনে একই সঙ্গে এসব পদের যথাযথ গুরুত্ব বিবেচনায় বর্ণিত পদের যোগ্যতা ও উপযুক্ততা নির্ধারণের জন্য পরিচালনা পর্ষদের অনুমোদিত নীতিমালা থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এসব পদে নিয়োগের আবেদন মূল্যায়নে পরিচালনা পর্ষদ অনুমোদিত মূল্যায়ন প্রক্রিয়া থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

অপরদিকে এনবিএফআইগুলোতে সব স্তরের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও সার্বিক মানবসম্পদ বিষয়ে সুস্পষ্ট নীতিমালা তৈরি করে পরিচালনা পর্ষদের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া নিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সঠিকতা যাচাই করে নথিতে সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

বর্তমানে কর্মরতদের শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সঠিকতাও যাচাই করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এজন্য ছয় মাস সময় বেঁধে দিয়ে বলা হয়েছে, “নতুন এ নির্দেশনা পরিপালনে আর্থিক প্রতিষ্ঠানসমূহ পরিচালনা পর্ষদের সভা আহ্বান করবে এবং পরিপালনের অগ্রগতি দুই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংককে অবহিত করবে।”