অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নতুন কমিটি
১৯৭৮ সালে যাত্রা শুরু করা এ সংগঠনের নতুন নির্বাহী কমিটির প্রধান লক্ষ্য হবে সদস্যপদ বাড়ানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া।
অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সানাউল আরেফিন; সাধারণ সম্পাদকের দায়িত্বে এসেছেন সৈয়দ আহসানুল আপন।
তাদের নেতৃত্বে সংগঠনের সাত সদস্যের নতুন কমিটি গঠনের তথ্য মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে এএএবি।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন নাজিম ফারহান চৌধুরী, কোষাধ্যক্ষ হয়েছেন সারাহ আলি, সহ-সাধারণ সম্পাদক এম এ মারুফ এবং সদস্য হিসেবে মেহেরুন নেসা ইসলাম ও মুহম্মদ রিসালাত সিদ্দীক নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বনানীতে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাত সদস্যের নতুন নির্বাহী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন জগতের অগ্রজ গীতি আরা সাফিয়া চৌধুরী, সারা যাকের, কাজী ওয়াহিদুল আলমসহ সভায় সংগঠনের প্রায় ৬০টি নতুন ও পুরাতন কোম্পানির কর্ণধাররা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি রামেন্দু মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনির আহমেদ খানের পরিচালনায় এজিএম অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭৮ সালে যাত্রা শুরু করা এ সংগঠনের নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে সদস্যপদ বাড়ানো, সংগঠন কাঠামো সংস্কার এবং পুরো খাতকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বিজ্ঞাপনের পরিসর আরও বিস্তৃত করা।
দেশে যেসব প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিকভাবে টেলিভিশন, খবরের কাগজ, ডিজিটাল, ইভেন্ট, আউটডোর, অ্যাকটিভেশনসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের বিভিন্ন মাধ্যমের ব্যবসা করছে সেগুলোর পরিচালক পর্ষদের (স্বত্বাধিকারী) একজন তার প্রতিষ্ঠানের পক্ষে এএএবির সদস্য হতে পারেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
