২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আর জনসম্মুখে দেখা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2024, 09:35 PM

Updated : 26 Aug 2026, 10:14 AM

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার বিএফআইইউ ব্যাংকগুলোতে এ নির্দেশনা পাঠিয়েছে। 

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, “মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারী এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হলে আগামী ৩০ দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হলো।”

অর্থপাচার নিরোধসংক্রান্ত ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দেওয়া হয়।

বিএফআইইউ আরও বলেছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে তিন কার্যদিবসের মধ্যে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে।

লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর ২৬(২) ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।

গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আর জনসম্মুখে দেখা যায়নি। 

এদিন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ইউসিবির চেয়ারম্যান রুকমিলা জামানের ব্যাংক হিসাবও অবরুদ্ধের নির্দেশ দিয়েছে বিএফআইইউ।

এর আগে রোববার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, তার স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।