Published : 14 Jan 2026, 10:41 AM
কাস্টমস স্টেশনভিত্তিক সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সের সংখ্যার সীমা তুলে দিয়ে আলাদা বিধিমালা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
সেখানে বলা হয়েছে, সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মত জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন নিতে হবে না। পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য বিবেচিত সকল প্রার্থী সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স নিতে পারবে।
এতদিন স্বতন্ত্র বিধিমালা না থাকায় ২০২০ সালের কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালার আওতায় সি অ্যান্ড এফ এজেন্টদের লাইসেন্স দেওয়া হত। আগের বিধিমালা বাতিল করে ‘সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬’ প্রণয়ন করে প্রজ্ঞাপন জারির কথা বুধবার জানিয়েছে এনবিআর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারদের জন্য ‘সেবার মান বৃদ্ধি’ এবং সি অ্যান্ড এফ এজেন্ট কার্যক্রম পরিচালনা ‘সহজতর ও যুগোপযোগী’ করার লক্ষ্যে স্বতন্ত্র ‘কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
বিধিমালায় বলা হয়েছে, প্রতি বছর একটি নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স দেওয়ার কাজটি সারতে হবে।
কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ হয়ে গেলে ওই স্টেশনের জন্য ইস্যু করা সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সের কার্যকারিতা আর আগের মত বাতিল করা হবে না। লাইসেন্সধারী এজেন্ট অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে কাজ করার সুযোগ পাবেন।