১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ট্রাস্টের তহবিলের মূলধনী মুনাফায় বসেছে ১৫% কর

পাস হওয়া অর্থবিলে ব্যক্তি ও কোম্পানির পাশাপাশি এখন এমন ক্ষেত্রেও মুনাফাতে কর দিতে হবে।

ট্রাস্টের তহবিলের মূলধনী মুনাফায় বসেছে ১৫% কর
সংসদ অধিবেশন। পিআইডির ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2024, 10:35 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

কোম্পানির মত তহবিল ও ট্রাস্টের তহবিলের মূলধনী মুনাফার উপর ১৫ শতাংশ কর আরোপ করা হয়েছে। এক্ষেত্রে ব্যক্তি করদাতাদের মত পুঁজিবাজারে ৫০ লাখ টাকা পর্যন্ত মূলধনী ‍মুনাফা করমুক্ত রাখা হয়েছে।

অর্থাৎ, মূলধনী লাভ ৫০ লাখ টাকার বেশি হলে কর প্রযোজ্য হবে।

বুধবার এমন সংশোধন এনে অর্থ বিল সংসদে পাস হয়েছে। এর আগে ব্যক্তি করদাতাদের ক্ষেত্রেও ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এমন বিধান রাখার প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পাস হওয়া অর্থবিলে ব্যক্তি ও কোম্পানির পাশাপাশি এখন তহবিল ও ট্রাস্টের মুনাফাতেও কর দিতে হবে।  

এ ক্ষেত্রে মুনাফার উপর কর ব্যক্তি করদাতাদের কাছ থেকে দুটি উপায়ে সংগ্রহ করা হবে।

প্রথমত কোনো ব্যক্তি কেনার পাঁচ বছরের মধ্যে যদি শেয়ার বিক্রি করে মুনাফা অর্জন করেন, তাহলে তাদের কর আয়কর স্তর অনুযায়ী দিতে হবে। 

উদাহরণস্বরূপ, কেউ যদি শেয়ার কেনার ছয় মাস বা এক বছর পর শেয়ার বিক্রি করেন এবং ৫১ লাখ টাকা মুনাফা করেন সেক্ষেত্রে এই মুনাফার ৫০ লাখ টাকা করমুক্ত হবে। বাকি ১ লাখ টাকার উপর মূলধন লাভ কর দিতে হবে।

এ ১ লাখ টাকা করদাতার মোট আয়ের সঙ্গে যোগ করা হবে এবং সেটি প্রযোজ্য করধাপের উপর ভিত্তি করে আয়কর প্রদান করতে হবে।

দ্বিতীয়ত কোনো ব্যক্তি যদি শেয়ার কেনার পর তা পাঁচ বছর ধরে রেখে একই মুনাফা করেন, তাহলে তার করের হিসাব ভিন্ন হবে। এক্ষেত্রে ৫০ লাখ টাকা কর ছাড় দেওয়া হবে। অবশিষ্ট ১ লাখ টাকার উপর ১৫ শতাংশ আয়কর হার প্রযোজ্য হবে।