অর্থায়ন ও বাস্তবায়ন চ্যালেঞ্জ: সালেহ্ উদ্দিন
২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনসাধারণের প্রত্যাশা পূরণ করতে পারবে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ্ উদ্দিন আহমেদ।
তিনি মনে করেন, এই বাজেটের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, যা কাটিয়ে ওঠা সম্ভব নয়। বিশেষ করে বাজেটের অর্থায়ন ও বাস্তবায়ন চ্যালেঞ্জ।
ফাইল ছবি
বাজেটে ধারাবাহিকতা আছে মন্তব্য করে তিনি একে ভালো দিক বলে অভিহিত করেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের পর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
বিগত বিএনপি-জামায়াত সরকারের সময় গভর্নরের দায়িত্ব পালনকারী সালেহ উদ্দিন বলেন, “আয়ের দিকটা যদি আমি দেখি, এখানে রাজস্ব আদায় করতে হবে ১ লাখ ৮২ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডকে আদায় করতে হবে ১ লাখ ৫০ হাজার কোটি টাকা। রাজস্ব বোর্ডের চলতি বছর যে পারফরমেন্স দেখিয়েছে তাতে আগামী অর্থ বছরে এই পরিমাণ রাজস্ব আদায় কি সম্ভব হবে?
“কী এমন হলো যে রাজস্ব বোর্ডের স্বচ্ছতা, দক্ষতা ও পদ্ধতির পরিবর্তন হয়ে গেল? রাতারাতি মানুষের পরিবর্তন হয়ে যাওয়া এতোটা সহজ না। এখানে মানুষের মনোভাব পরিবর্তন করতে হবে, তাদের দক্ষতা বাড়াতে হবে, তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।”
তিনি বলেন, “৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছে। এটা কি অর্জনের কোন সুযোগ আছে? এখন হচ্ছে ৬ দশমিক ১২ শতাংশ। ১ শতাংশ প্রবৃদ্ধি বাড়ানো মানে হলো বিনিয়োগ আরো ৪ থেকে ৫ শতাংশ বাড়াতে হবে। কিন্ত সেটা কি সম্ভব হবে, প্রথমত অর্থের, দ্বিতীয়ত বিনিয়োগের পরিবেশ এবং তৃতীয়ত, বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা-এগুলো অর্জন করা কঠিন।”
