বিনিয়োগ পরিস্থিতি উন্নতির উদ্যোগ দেখছেন না জায়েদ বখত
প্রবৃদ্ধির লক্ষ্যপূরণে সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে গবেষক জায়েদ বখত বলেছেন, প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নের উপায়গুলো দৃশ্যমান নয়।
এই বাজেটকে ‘সম্প্রসারণমূলক বাজেট’ আখ্যায়িত করে বাংলোদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক জায়েদ বখত প্রস্তাবিত ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
ফাইল ছবি
বৃহস্পতিবার ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ২ লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এতে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরেছেন অর্থমন্ত্রী।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জায়েদ বখত বলেন, “এটা একটা সম্প্রসারণমূলক বাজেট। এখানে সরকারেরর ব্যয় বৃদ্ধি করে অর্থনীতিতে গতি সঞ্চার করার চেষ্টা আছে। বৃহৎ কিছু প্রকল্প দিয়ে অর্থনীতিকে জাম্পস্টার্ট করার চেষ্টা আছে।”
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০১২-২০১৩ অর্থবছরে দেশে মোট বিনিয়োগ হয়েছিল জিডিপির ২৬ দশমিক ৮৪ শতাংশ। এটাকে ৩২ শতাংশ করার কথা এর আগে বলেছিলেন অর্থমন্ত্রী।
জায়েদ বখত বলেন, “কিন্তু ৭ দশমিক ৩ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে হলে বেসরকারি বিনিয়োগকেও চাঙ্গা করতে হবে। সে লক্ষ্যে বাজেটে কিছু পদক্ষেপ আছে- বিভিন্ন রকম কর সুবিধা দেওয়া হয়েছে বেসরকারি বিনিয়োগে।”
“কিন্তু বিনিয়োগ পরিবেশ যদি উন্নত না হয় তাহলে এসব প্রণোদনা খুব একটা কাজ দেবে না। সেদিক থেকে বিনিয়োগ পরিস্থিতি উন্নত করার জন্য মেজারস নেয়া হয়েছে বলে আমার কাছে মনে হয় না।”
তবে অর্থমন্ত্রী বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আশাবাদী।
বাজেট বক্তৃতায় তিনি বলেছেন, “সর্বোপরি, আমি অনুকূল আবহাওয়া ও রাজনীতিক স্থিতিশীলতা প্রত্যাশা করছি। এসব অনুমান ও প্রত্যাশার ভিত্তিতে আমরা আগামী অর্থবছরে ৭ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।”
