২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বাড়াতে বরাদ্দ চাই: হোসেন খালেদ

আগামী বাজেটে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বাড়ানোসহ অবকাঠামো খাতের উন্নয়নে সরকারের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়েছেন দেশের শীর্ষ একজন শিল্প উদ্যোক্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 05:57 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বিদ্যুৎ, জ্বালানি ও সড়ক যোগাযোগ খাতে উন্নয়ন হলে তাতে রাজস্ব আয় বাড়বে মত দেন তিনি।

২০১৪-১৫ অর্থবছরের বাজেটকে সামনে রেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মতামত তুলে ধরেছেন আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ।

তিনি বলেন, “আগামী বাজেট থেকে আমরা জানতে চাই, কত দিনে বিদ্যুৎ পাবো, গ্যাস পাবো এবং সড়ক যোগাযোগ আরো সহজ হবে।

“সরকার বিদ্যুৎ উৎপাদন বেড়েছে বলে দাবি করছে, অথচ আমরা বিদ্যুৎ পাচ্ছি না, তাহলে অতিরিক্ত বিদ্যুৎ কোথায় যাচ্ছে,” প্রশ্ন রাখেন তিনি।

“শিল্পায়নের ক্ষেত্রে দেশে এখন যে বাধাগুলো আছে তার মধ্যে অবকাঠামো সমস্যা প্রধান। বিশেষ করে সড়ক, বিদ্যুৎ, গ্যাস ও বন্দর সমস্যা বড় সমস্যা। বাজেটে এসব সমস্যা সমাধানে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বলে আমি প্রত্যাশা করি।”

বিদ্যুৎ ও জ্বালানিসহ অবকাঠামোর সুবিধার অপ্রতুলতার কারণে বিদেশি বিনিয়োগ দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি হোসেন খালেদ।

নতুন করে ঢাকার বাইরে শিল্প কারখানা স্থাপনে বা সরিয়ে নিতে উৎসাহিত করতে অবকাঠামো সহায়তা দেয়ার কথা বলেন তিনি।

“কারণ, কেউ যদি এখন পাবনা বা অন্য কোথাও গিয়ে শিল্প স্থাপন করে আর বিদ্যুৎ না পায় বা পণ্য পরিবহনে তার বেশি সময় লাগে তাহলে সে কেন যাবে? সরকারকে এসব বিষয় বিবেচনা করতে হবে।”

দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আগামী বাজেট কর্মসংস্থানমুখী হওয়া উচিত বলে মনে করেন এই শিল্প উদ্যোক্তা।

“এছাড়া সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কর্মসংস্থান দরকার। আর শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান হবে না।

অবকাঠামো খাতের উন্নয়ন হলে সরকারের রাজস্ব আয় বাড়বে এবং বাজেটে ভর্তুকির পরিমাণ কমবে বলে এই ব্যবসায়ী নেতা।

তিনি বলেন, “আমরা চাই না ভর্তুকি নিয়ে ব্যবসা চালাতে। চাই সরকার আমাদের চাহিদাগুলো পূরণ করবে।

“কিন্তু সরকার প্রয়োজনীয় সহায়তা না দিতে পারলে ভর্তুকি দিতে হবে। সরকারের অবকাঠামো উন্নয়ন না হওয়ায় উদ্যোক্তারা কোথায় কোথায় বাধাগ্রস্ত হচ্ছে তা ঠিক করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

“উদ্যোক্তারা বিনিয়োগে না যাওয়ায় ব্যাংকগুলোও তাদের তহবিল ব্যবহার করতে পারছে না। এর ফলেও সরকার রাজস্ব হারাচ্ছে।”

পরিবহন শিল্পে বিনিয়োগে গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে হোসেন খালেদ বলেন, “বাংলাদেশে বছরে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার বাজার রয়েছে পরিবহন শিল্পে। অথচ এ খাতে স্থানীয় বিনিয়োগ বাড়ানোর কোনো উদ্যোগ সরকারের নেই।

“নগরায়ন হচ্ছে, শিল্প কারখানা বাড়ছে, পরিবহন শিল্পে বিনিয়োগ না বাড়ালে এ খাতে আমদানি ব্যয় আরো বাড়বে। এছাড়া মেগাসিটিতে যেতে হলে পরিবহন খাতের উন্নয়নের বিকল্প নেই।”

সরকারের আমদানি নীতি প্রসঙ্গে তিনি বলেন, “অনেক ক্ষেত্রে শিল্পের কাঁচামাল ও তৈরি পণ্যের আমদানি শুল্ক একই। এটা শিল্পকে ক্ষতি করছে। এই ব্যবস্থার পরিবর্তন দরকার।

“পাশাপাশি বাজেটে বছর বছর অনেক পরিবর্তন হয়, যা শিল্পের জন্য তথা সামগ্রিক অর্থনীতির অগ্রযাত্রার জন্য ক্ষতিকর। নীতির ধারাবাহিকতা থাকতে হবে।”

বাজেটে করের আওতা বাড়ানোর উপর জোর দেয়ার কথা বলে তিনি।

“অবশ্যই ট্যাক্স নেট বাড়াতে হবে। খুব দুঃখের বিষয় দেশে ১৬ কোটি জনগণ, আর টিআইএন আছে মাত্র ১৮ লাখ লোকের। এদের মধ্যে ১২ লাখ লোক আয়কর বিবরণী জমা দেয়।

“কিন্তু সেদিকে সরকারের উদ্যোগ আশাপ্রদ। বরং যারা কর দিচ্ছে, সরকার তাদের উপর চড়াও হচ্ছে। বিশেষ করে বৃহৎ করদাতাদের থেকে কীভাবে আরো বেশি কর আদায় করা যায় সেসব উদ্যোগ নিচ্ছে। অনেক কর্পোরেট অফিসে রেইড (অভিযান চালানো) করা হচ্ছে।

“এতে করদাতাদের মধ্যে ভীতি ঢুকে যাচ্ছে। সরকারকে এই নীতি থেকে বেরিয়ে এসে ব্যবসাবান্ধব হয়ে কর আদায় করতে হবে। চাবুক পিটিয়ে কর আদায় বাড়বে না।”

জনশক্তি রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “বাজেটের ভিশন হতে হবে দীর্ঘমেয়াদে, আর বাস্তবায়ন হতে হবে স্বল্পে মেয়াদে।”

আনোয়ার গ্রুপের টেক্সটাইল, পাট, অটোমোবাইলস, ভবন নির্মাণ পণ্য, আইসিটি, রিয়েল এস্টেটসহ বিভিন্ন ব্যবসা রয়েছে।