ভাবুক মনখানি আমার লাইসেন্সের মোহে…
মাঝে মাঝেই ব্লগে খুব লেখতে ইচ্ছে করে… ভাবি এত লেখালেখির দরকার কি বাপু? চুপচাপ দিন যেভাবে কেটে যাচ্ছে – যাকনা দিন… মাঝে মাঝে ভাবি বেশইতো আছি, রোজ সকালে সুন্দর পরিপাটি করে চুল আচড়িয়ে অফিসে যাই, অফিসের চেয়ারে বসে বসে বেশ সুন্দর সময় কেটে যায়, কখনো কখনো একটু হয়ত বেশি পরিশ্রম যায় তখন হাপিয়ে উঠি, আবার টানা কিছুক্ষণ কর্মহীন হয়ে থাকলে মনের মধ্যে কিরকম একটা ভাব শুরু হয়, মনে হয় যেনো আমি বেকার থেকে কোন কাজ না করে একটা প্রতিষ্ঠান থেকে মাস শেষে মোটা অঙ্কের টাকা পকেটে ভরছি। তবুও ভাবি সময় যেহেতু যাচ্ছে যাক, এমনতো না আমি আমার কাজে ফাকি দেই, কাজ নেই সেখানে ফাকি দেয়ার প্রশ্নই আসেনা। মাস শেষে টাকাটা যখন মায়ের হাতে তুলে দেই মায়ের মুখটাতে প্রশান্তি দেখে নিজের বুকটা গর্বে ভরে উঠে। মাতো অন্তত খুশি হয়, কত কি ভাবনা আসে! আমার ভাবনার গাড়ি ছুটতেই থাকে।
মাসের শেষে যখন বেতনের টাকাটা ব্যাংক একাউন্টে জমা হওয়ার খবর যখন পাই, তখন হিসেব করে দেখি টাকার পরিমানটা নেহাত মন্দ না, টাকার পরিমানটা যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষের গড় আয়ের চেয়ে বেশি তেমনি আমার সমান শিক্ষাগত যোগ্যতার অধিকাংশ সহপাঠির চাইতে বেশি। একেকবার ভাবি টাকাটা দিয়ে কি করা যায়! ভাবি কোন ব্যবসাতে বিনিয়োগ করব কিনা, কত মানুষই তো ব্যবসায় বিনিয়োগ করে কোটি কোটি টাকা করে উপার্জন করছে…আমিই আর বাকি থাকি কেন… সেদিন পত্রিকায় দেখলাম আমার চাইতে কম উপার্জনের একজন পাঁচ কোটি টাকা দিয়ে টেলিকমিউনিকেশন ব্যবসার লাইসেন্স নিচ্ছেন…আহ…তাহলেই এই আমিই বাকি থাকি কেন… আমিও নেই। পরক্ষণেই আমার ভাবুক মনখানাকে হারিয়ে দেয় আমার বাস্তববাদী মন…এই সেই বাস্তববাদী মন যে কিনা এখনো টিকেট কাটতে লাইনে দাঁড়াতে চায়না, মাঝে মাঝেই একটু আধটু দু'নাম্বারি করতে যার বিবেকে বাধেনা, মাঝে মাঝেই যে তার প্রেমিকাকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে। নিজেরই ভাবুক মন তখন দুঃখ করে উঠে, হায়রে হায়। বাস্তববাদী মনের কাছে হেরে যাবার পর ভাবি বুড়ো বাবাকে একবার গিয়ে জিজ্ঞেস করি – তুমি কেন মন্ত্রী হলেনা, তাহলেতো আমিও আজ কোটি টাকা খরচ করে লাইসেন্সখানা কিনতে পারতাম। তখন আবারো বাস্তববাদী মন এসে আমাকে শাসায়। তার কথাটা শুনেও আমি দ্বিমত করতে পারিনা, তার কথা কি ছিল জানেন "আর যাই হোক রাজু, তোমার বাবাকে অন্তত ষোল কোটি লোক চোর হিসেবে জানেনা"…ভাবি বাবার এই সম্মানের কাছে আমার অতি তুচ্ছ লাইসেন্সের মুল্য কি?
