মুক্তিযুদ্ধকালীন আবহে ফিরবে স্বাধীনতা ঘোষণা কক্ষ
স্বাধীনতা ঘোষণার ৫১ বছর পেরিয়েছে। স্বাধীনতার ইতিহাসের সাথে জড়িয়ে আছে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র। কার্যক্রম সীমিত হলেও এখনো স্বগৌরবে দাঁড়িয়ে আছে বেতার কেন্দ্রটি।
দীর্ঘদিন পর বাংলাদেশ বেতার স্বাধীনতা ঘোষণা কক্ষটি মুক্তিযুদ্ধকালীন আবহে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। এজন্য প্রতিষ্ঠানটি উন্মুক্ত ডিজাইন প্রতিযোগিতা আহ্বান করে গত ২ মার্চ পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল।
সময়ের প্রবাহে ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ, লালন ও সংরক্ষণের জন্য স্বাধীনতা ঘোষণা কক্ষের সংস্কার, আধুনিকায়ন ও সর্বসাধারণের কৌতুহল নিরসনের জন্য দৃষ্টিন্দন করা প্রয়োজন উল্লেখ করে বিজ্ঞাপনে 'স্বাধীনতা ঘোষণা কক্ষ' ও এর সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা নান্দনিকরণের জন্য উন্মুক্ত ডিজাইন প্রতিযোগিতা আহ্বান করা হয়।
প্রতিযোগিতায় নিবন্ধনের সময় ইতোমধ্যেই শেষ হয়েছে। আর গত ৬ এপ্রিল ছিল ডিজাইন জমা দেওয়ার শেষ তারিখ।
স্বাধীনতা ঘোষণায় ব্যবহৃত মাইক্রোফোন, রেডিও কনসোল, চেয়ার, টেবিল ও ট্রান্সমিটারসহ যাবতীয় যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে আরও দেড় যুগ আগে। পড়ে আছে খালি ঘোষণা কক্ষ ও পাশের ট্রান্সমিটারের কক্ষটি। স্বাধীনতা ঘোষণা কক্ষে লাল কার্পেট আর নামফলক এবং ট্রান্সমিটারের কক্ষে পুরনো কয়েকটি আসবাবপত্র ও স্টিলের র্যাক পড়ে আছে।
স্বাধীনতার ঘোষণা কক্ষের যন্ত্রপাতি বর্তমানে সংরক্ষিত আছে চট্টগ্রামের কাজির দেউড়িতে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘরে। দুটি আলাদা কক্ষে এসব যন্ত্রপাতি রাখা হয়েছে।
স্বাধীনতা ঘোষণা কক্ষের আদলে তৈরি করা কক্ষে মেজর জিয়াউর রহমানের ভাস্কর্য রয়েছে; যার পাশে ছাপার অক্ষরে লেখা বিবরণে বোঝানো হয়েছে তিনি চেয়ারে বসে রেডিও কনসোলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করছেন।
পাশের কক্ষে স্বাধীনতার ঘোষণা প্রচারে ব্যবহৃত ট্রান্সমিটার সংরক্ষিত রয়েছে।
প্রতিযোগিতায় ছয়টি অংশ রয়েছে। প্রথম অংশে মূল প্রবেশদ্বারের দুই পাশের দেওয়ালে টেরাকোটা বা শৈল্পিক নকশা করতে হবে। দ্বিতীয় অংশে ট্রান্সমিটার হলে যাওয়ার প্রবেশমুখের দুই পাশে ও উপরে টেরাকোটা বা শৈল্পিক নকশা করতে হবে। তৃতীয় অংশে আর্ট গ্যালারির আদলে দুইটি দেওয়াল সাজাতে হবে। চতুর্থ অংশে 'স্বাধীনতা ঘোষণা কক্ষ' সংরক্ষণ ও এর নান্দনিকীকরণ করতে হবে।
এছাড়া পঞ্চম অংশে 'স্বাধীনতা প্রেরণ কক্ষ' সংরক্ষণ ও নান্দনিকীকরণ করতে হবে এবং ষষ্ঠ অংশে প্রতিযোগিরা প্রয়োজন অনুসারে নান্দনিকীকরণ প্রস্তাব করতে পারবেন।
বাংলাদেশ বেতারের নোটিশে বলা হয়, প্রথম স্থান অধিকারী বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন সাড়ে ৩ লাখ টাকা এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে দেড় লাখ টাকা।
