Published : 27 Mar 2022, 08:20 PM

ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার চান্দিনায় ছয়ঘড়িয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে গেলে তাতে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়।
রোববার বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে। ওই সময় হালকা বৃষ্টিও হয়েছিল এই এলাকায়; তাতে প্রধান সড়ক কিছুটা ভেজাও ছিল।
ট্রাকটিতে আগুন লেগে গেলে চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ভূইয়া ফায়ার সার্ভিসে ফোন দেন৷; ফোন পেয়ে ১০ মিনিটের মধ্যে এসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখান আসে।

প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণেে আনে ফায়ার সার্ভিসের ইউনিট। এই দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল কিছুক্ষণ বন্ধ রাখা হয়।
দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ে সার্বক্ষনিক খোঁজখবর রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান মীর ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।
ট্রাকে ড্রাইভার ও হেলপারসহ মোট দুইজনকে স্থানীয় গ্রামবাসী গিয়ে উদ্ধার করে; কিবরিয়া নামের এক যুবক ড্রাইভার ও হেলপারকে দ্রুত ট্রাক থেকে টেনে বের করে আনে। পরে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
স্থানীয় গ্রামবাসীরা সেখানে জড়ো হলেও আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রাকে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সেখানে হাইওয়ে পুলিশ আসে। আগুন নিভে গেলে মূল সড়কে যানবাহন চলাচল শুরু করে।