২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাসুদ রানা’ যেমন, তেমন করেই চাই সিনেমাতে

রাজেশ পাল

Published : 01 Sep 2019, 06:19 PM

Updated : 23 Jun 2022, 11:09 PM

মাসুদ রানা নিয়ে আলোচনা-সমালোচনায় মুখর অনলাইন-অফলাইন। হঠাতই রানা নিয়ে এই উন্মাদনার কারণ হল রানাকে নিয়ে ৫০ কোটি টাকা বাজেটের চলচ্চিত্র তৈরি করার ঘোষণা দিয়েছে একটি প্রযোজনা সংস্থা। শুরু হয়েছে নতুন মুখের সন্ধান। ফেইসবুকে সেই অনুষ্ঠানে কিছু অংশে ভিডিও ক্লিপে  বিচারকদের ঔদ্ধতপূর্ণ আচরণ নিয়েও  জন্ম হয়েছে সমালোচনার। সবমিলিয়ে চায়ের কাপে ঝড় তুলে চলেছে  মাসুদ রানা। অথচ রানাকে নিয়ে এদেশে সুপারহিট চলচ্চিত্র নির্মিত হয়েছিল সত্তরের দশকেই। এদেশের চলচ্চিত্রের প্রথম অ্যাকশন হিরো খেতাব পাওয়া নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা সেসময় রানা চরিত্রে অনবদ্য অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে।

একথা অনেকেই জানেন যে, মাসুদ রানা চরিত্রটি সৃষ্টি হয়েছিল আয়ান ফ্লেমিং এর পৃথিবী বিখ্যাত চরিত্র  'জেমস বণ্ড' অবলম্বনে। জেমস বণ্ডের কাহিনীগুলো মৌলিক কাহিনী হলেও মাসুদ রানার প্রত্যেকটি কাহিনীই  বিদেশি গল্পের ছায়াবলম্বনে লেখা। জেমস বণ্ডের 'এমআইসিক্স' রানার ক্ষেত্রে হয়ে গিয়েছিল  'বাংলাদেশ কাউণ্টার ইণ্টেলিজেন্স' (১৯৭১ পূর্ববর্তী গল্পগুলোতে ছিল পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্স)। দুই চরিত্রেরই প্রিয় অস্ত্র ছিল  'ওয়ালথার পিপিকে'। জেমসবন্ডের মত রানাও মধ্য ত্রিশের এক তাগড়া যুবক। দুজনই দেশপ্রেমে উদ্ধুদ্ধ সাহসী সেনা গোয়েন্দা কর্মকর্তা। দুজনই ওয়াইন, উইমেন এবং সিগারেটের ব্যাপারে ব্যাড বয় ক্যারেক্টার। কিন্তু জেমসের চেয়ে রানাই বেশি প্রিয় ছিল আমার। আমাদের প্রজন্মের শৈশব মাতিয়ে রেখেছিলো যেমন ফ্যান্টম, ম্যানড্রেক, টিনটিন, চাচা চৌধুরী বা হাদাভোদা, নন্টেফন্টের মতো কমিক ক্যারেক্টাররা। কৈশর তেমনি মাতিয়ে তুলেছিল তিন গোয়েন্দা আর মাসুদ রানা।

জেমসের চেয়ে রানা বেশি প্রিয় হওয়ার অন্যতম দুটি কারণ ছিল রানার মাঝে খুঁজে পেতাম চিরচেনা স্বদেশী এক সাহসী তরুণের মুখ, যেটা জেমস বন্ডের মাঝে ছিল না। আর একটি কারণ হল,  জেমসের সাথে পরিচয় ঘটেছিল আমার 'ডা. নো' ছবির মাধ্যমে; রানার সাথে পরিচিত হওয়ার অনেক অনেক পরে।

তাই প্রথম প্রেমের স্মৃতির মতই কিশোর মনের গহীনে দাগ কেটেছিল মাসুদ রানা। একটু বড় হওয়ার পরে আগত জেমস বন্ড পারেনি সেই দাগ মুছে নিজের স্থান গড়ে নিতে। যদিও জেমসই হচ্ছে কায়া, রানা তার ছায়ামাত্র।

আমরা যা হতে চেয়েছিলাম অনেকেই, কিন্তু হতে পারিনি, সেই অতৃপ্ত স্বপ্নের বাস্তব রূপায়নের মাধ্যমেই স্বপ্নের নায়ক হয়ে উঠেছিল মাসুদ রানা। আমাদের আগের প্রজন্মের কাছে যেমন অতি আপন ছিলো দস্যু বনহুর, গুপ্তচর বাকার, কুয়াশা বা বায়োনিকম্যান মেহেদী চরিত্রগুলো।

আমি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানাই  আমাদের কৈশরের নায়ক রানাকে নিয়ে এরকম বিগ বাজেটের একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়ায়। এখনকার নবীন প্রজন্ম  যাদের  'হেইট পলিটিক্স' বা  'লাভ ইউ জেনারেশন' বলে উপহাস করেন অনেক বন্ধুরাই, এদের সিংহভাগের ফেইসবুক, ইউটিউবের প্রতি যে পরিমাণ আগ্রহ, বইয়ের প্রতি তেমনটা নেই।এরা সালমান মুক্তাদির, সুলেমান সুখন, রাবা খানদের যতটা চেনে মাসুদ রানা, ফেলুদা, ব্যোমকেশ বক্সী তাদের কাছে ঠিক ততটাই অপরিচিত।  তবে  চলচ্চিত্রের প্রতি এখনও এই প্রজন্ম অনেকটাই আগ্রহী। মাসুদ রানাকে নিয়ে চলচ্চিত্র তাদের কাছে পরিচিত করে তুলবে আমাদের স্বপ্নের নায়ককে। তাদেরকে জানিয়ে দেবে যে রানা কোনো চিরাচরিত অ্যাকশন মুভির হিরো নন; রানা হল একটি প্রজন্মের স্বপ্নের প্রতিচ্ছবি।

আর সেইসাথে এও প্রত্যাশা করি রানা চরিত্রটি যেন কোনোভাবেই  সিনেমার প্রয়োজনে বড় ধরনের ওলটপালটের মধ্যে দিয়ে না যায়। আমরা যে ব্যাড বয় ইমেজের বেপরোয়া দুঃসাহসী মধ্য ত্রিশের যুবক রানাকে চিনি যে বিশ্বাস করে 'ডেথ বিফোর ডিসওনার' সেটিকে যেন বাংলা সিনেমার প্রথাগত গুড বয়, 'প্রেমের নাম বেদনা' গাওয়া আর  'মা, আমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি' মার্কা অতি আবেগী ডায়ালগ দেওয়া, পিঁপড়ে কামড়ানো পথচারীর মতো  লম্ফঝম্ফ নাচে কোমড় দোলানো, পিস্তল দিয়ে মেশিনগানের গুলি ছোড়া বা একশ গুলি লাগার পরেও খালি হাতে ভিলেনের পুরো গ্যাং পিটিয়ে পর পারে পাঠানো নায়ক হিসেবে পর্দায় হাজির করা না হয়।

মাসুদ রানাকে  তার মত করেই দেখতে চাই সিনেমায়;  'আলেকজান্ডার বো' যেন পর্দায় হাজির না হয়, সেই প্রত্যাশা নিয়ে ছবিটি দেখার অপেক্ষায় থাকছি।