Published : 23 Oct 2023, 12:09 AM
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে প্রাইভেটকার চালিয়ে ঢাকায় আসার পথে দুর্ঘটনায় এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে দূর্ঘটনার পর চিকিৎসক তপন কুমার মন্ডলকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
চিকিৎসক তপন গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক খায়রুল আলম জানান, ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কাশিয়ানী গেরাখোলা এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লাগে।
“ওই প্রাইভেট কারে তপন একাই ছিলেন।”
দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আলাউদ্দিন জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়া তপনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টায় তার মৃত্যু হয়।
বাগেরহাটের চিতলমাড়ীর পরানপুর গ্রামের ছেলে তপনের স্ত্রী শর্মিষ্ঠা ঘোষালও একজন চিকিৎসক। এক কন্যা সন্তানের জনক তপন ঢাকার মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় থাকতেন।