চাঁদাবাজির অভিযোগে শেরেবাংলা নগরে বিএনপি নেতা আটক
শেরেবাংলা নগর এলাকা থেকে আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে এসআরবি।
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে এক বিএনপি নেতাকে আটক করেছে এসআরবি-২।
সোমবার তাকে শেরেবাংলা নগর এলাকা থেকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
মিজানুর রহমান স্বপন শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি।
পুলিশ ও এসআরবি সংশ্লিষ্টদের ভাষ্য, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিশেষ করে গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শেরে বাংলানগর থানার ডিউটি অফিসার এএসআই অমৃতা বলেন, “মিজানুর রহমান স্বপন আমাদের হেফাজতে আছেন। এখনো মামলা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।”
