সাহস ও পেশাদারত্বের সঙ্গে সাংবাদিকতা করেছেন খালিদী: জিএম কাদের
“তার মৃত্যু দেশের গণমাধ্যমের জন্য একটি অপূরণীয় ক্ষতি,” শোকবার্তায় বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেছেন, “দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
“তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সাহস, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে তিনি সাংবাদিকতা করেছেন। তার মৃত্যু দেশের গণমাধ্যমের জন্য একটি অপূরণীয় ক্ষতি।”
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন জিএম কাদের।
বাংলাদেশের সংবাদ সেবাকে ডিজিটাল দুনিয়ায় পৌঁছে দেওয়ার পুরোধা তৌফিক ইমরোজ খালিদী লন্ডনের স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে মারা যান। বয়স হয়েছিল ৫৯ বছর।
মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়েছিল।
পরিবার জানিয়েছে, ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজ কল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বিএনপির মিডিয়া সেল সদস্য ও সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান শোক প্রকাশ করেছেন।
