শুরু হল তিন দিনের ‘রাওয়া বইমেলা’
রাজধানীর মহাখালীতে রাওয়া ভবনে সকালে মেলার উদ্বোধন করা হয়।
শুরু হল রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত তিনদিনব্যাপী ১২তম ‘রাওয়া বইমেলা’। এবারের মেলার মূল প্রতিপাদ্য- ‘বইয়ের সঙ্গে বন্ধুত্ব করি- জ্ঞানচর্চার সংস্কৃতি গড়ি’।
বৃহস্পতিবার সকালে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মহাখালীতে রাওয়া ভবনে সকালে মেলার উদ্বোধন করা হয়। মেলাটি চলবে ১০ অক্টোবর পর্যন্ত ।
উদ্বোধনী অনুষ্ঠানে কবি ও প্রাবন্ধিক আবদুল হাই শিকদার রাওয়ার ১৭ লেখকের ২১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেখকরা ছাড়াও খ্যাতনামা বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানসহ মোট ৫৫টি স্টল বইমেলায় অংশগ্রহণ করে। মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। মূলত লেখক, প্রকাশক, পাঠক ও বইপ্রেমীদের মেলবন্ধনে বইমেলাকে একটি মিলনমেলায় পরিণত করা এবং রাওয়ার লেখক, তাদের পরিবার এবং সন্তানদের লেখাগুলো সবার মধ্যে পরিচিত করাই ছিল মেলার মূল লক্ষ্য।
মেলায় প্রতিদিন বিকেল ৩টায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বইভিত্তিক প্রতিযোগিতা, পুরস্কার প্রদান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল নূরুজ্জামান, এবং লেফটেন্যান্ট কর্নেল শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
