২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ধানমন্ডি লেকে ভাসছিল সাবেক মার্কেটিং কনসালটেন্টের মরদেহ

“বর্তমানে জাবেদ কিছুই করত না। সে শারীরিক এবং মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিল এটা জেনেছিলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 04:16 PM

Updated : 22 Sep 2026, 04:21 PM

রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে; পরিবারের সদস্যদের ভাষ্য, দীর্ঘদিন ধরে বেকার থাকা ওই ব্যক্তি শারীরিক-মানসিকভাবে ‘বিপর্যস্ত’ ছিলেন।

মঙ্গলবার সাকলে ৫১ বছর বয়সি জাবেদ আহমেদ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জাবেদ আহমেদ এক সময় মার্কেটিং কনসালটেন্ট ছিলেন। তবে বর্তমানে তার হাতে কোনো কাজ ছিল না। তার তার বাবার নাম সালাহউদ্দিন আহমেদ। তার স্থায়ী ঠিকানা ঢাকার বনানীর ১৩ নং রোডের ১২২ নম্বর বাসা। তিনি পরিবার নিয়ে থাকতেন বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক আই এর ১ নম্বর রোডের ৫৬৬/৬৭ নম্বর বাসাটিতে।

ধানমন্ডি মডেল থানার এসআই এম এম আব্দুল গফুর বলেন, ভোর সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনে লেকের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় সকাল সাড়ে ৭টার দিকে উদ্ধার করা হয়।

পরে মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার স্ত্রী ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন বলে জানিয়েছেন এসআই গফুর।

পুলিশের এই সদস্য বলেন, “নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বর্তমানে বেকার ছিলেন এবং আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন। গত ৪-৫ মাস ধরে শারীরিকভাবেও অসুস্থ ছিলেন এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।”

জাবেদ আহমেদের বাল্যবন্ধুদের কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তার খবরটি পেয়ে হাসপাতালে ছুটে আসেন।

তাদের মধ্যে একজন বলেন জাবেদ কদিন ধরে নিখোঁজ ছিলেন, “বর্তমানে সে কিছুই করত না। সে শারীরিক এবং মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিল এটা জেনেছিলাম। তবে কেন সে এমন কাজ করল সেটাও বুঝতে পারছি না।”

এসআই আব্দুল গফুর বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি হত্যা, আত্মহত্যা নাকি কোনোভাবে পানিতে পড়ে মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর নিশ্চিত হওয়ার কথা বলেছে পুলিশ।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।"