সংসদীয় কমিটি পুনর্গঠন: স্থানীয় সরকারে নাহিদ, কৃষিতে কামরুল
এবার সংসদীয় কমিটির সভাপতি পদ থেকে বাদ পড়লেন খন্দকার মোশাররফ হোসেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি রোববার পুনর্গঠন করা হয়েছে।
স্থানীয় সরকারে সভাপতি করা হয়েছে সরকার দলীয় সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। এ কমিটিতে সদস্য করা হয়েছে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে।
গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে দলের গুরুত্বপূর্ণ ফোরাম সভাপতিমণ্ডলী থেকে নুরুল ইসলাম নাহিদ বাদ পড়েন। তবে তাকে নেওয়া হয় দলের উপদেষ্টা পরিষদে।
আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের পদ হারানোর পর এবার সংসদীয় কমিটির সভাপতি থেকেও বাদ পড়লেন সাবেক এ মন্ত্রী।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মতিয়া চৌধুরী সংসদীয় উপনেতা হওয়ায় এ কমিটিতে তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে রয়েছেন।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী রোববার সংসদ অধিবেশনে কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।
