১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ মোবাইল ফোন বন্ধের নির্দেশ

২০২১ সালের মাঝামাঝিতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রারের কার্যক্রম শুরু হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 10:25 PM

Updated : 17 Jan 2024, 12:06 AM

বছর দুয়েক আগে অবৈধ মোবাইল ফোন বন্ধ করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল এবার তা বাস্তবায়ন করতে চায় সরকার। 

মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক বৈঠকে বিটিআরসি কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে, এদিন সকালে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী পলক। 

পুরনো খবর:

কোনো মোবাইল সেট বন্ধ হবে না: টেলিযোগাযোগ মন্ত্রী
নিবন্ধিত হচ্ছে মোবাইল হ্যান্ডসেট, বৈধ না হলে ৩ মাস সময়

দেশে উৎপাদিত, সংযোজিত ও আমদানি করা মোবাইল হ্যান্ডসেটের ডেটাবেজ এবং স্বয়ংক্রিয় নিবন্ধনের ব্যবস্থা বিটিআরসিতে রয়েছে উল্লেখ করে তিনি নিবন্ধনহীন মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ নিতে বলেন। 

পাশাপাশি ‘পরিচয়’ শনাক্ত নিশ্চিত করার সেবাকে আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। 

এর আগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি দিয়ে বিটিআরসি জানিয়েছিল, ১ জুলাই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) এর কার্যক্রম শুরু হয়েছে। ১ অক্টোবর থেকে নেটওয়ার্কে নতুনভাবে যুক্ত সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। 

তবে অক্টোবরে গিয়ে সরকার জানায়, ‘মানুষের ভোগান্তির কথা চিন্তা করে’ নেটওয়ার্কে যুক্ত কোনো হ্যান্ডসেট আপাতত বন্ধ হচ্ছে না। এর দুই বছর পর আবারও অবৈধ মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্ত নিল সরকার। 

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, বিটিআরসির প্রশাসন বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এহসানুল কবীর, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল।