১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভূমিসেবা সিস্টেম থেকে তথ্য ফাঁসের খবর নেই: ভূমি মন্ত্রণালয়

ভূমিসেবা ডিজিটাইজেশন কার্যক্রমে ডেটা নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখার কথা জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 08:24 PM

Updated : 10 Jul 2023, 08:24 PM

সরকারি ওয়েবসাইট থেকে নাগরিকদের তথ্য ফাঁসের শোরগোলের মধ্যে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সিস্টেম থেকে কোনো তথ্য ফাঁসের ঘটনা ঘটেনি।

সোমবার এক গণবিজ্ঞপ্তিতে ভূমি মন্ত্রণালয় জানায়, ভূমিসেবা গ্রহণে জাতীয় পরিচয়পত্র সিস্টেমের কারিগরি বিষয়ে এ দিন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে ভূমি মন্ত্রণালয়।

“এখন পর্যন্ত ভূমিসেবা সংক্রান্ত সিস্টেম হতে নাগরিকদের তথ্য ফাঁস সংক্রান্ত কোনো তথ্য নির্বাচন কমিশন অথবা আইসিটি বিভাগ থেকে পাওয়া যায়নি।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিসেবায় জাতীয় পরিচয়পত্র যাচাইসহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও ভূমি মন্ত্রণালয়ের সব তথ্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতাভুক্ত বাংলাদেশ জাতীয় ডেটা সেন্টারে সংরক্ষিত আছে। 

“ভূমিসেবা ডিজিটাইজেশন কার্যক্রমে ডেটা নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বসহকারে গ্রহণ করা হয় এবং এর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা শুরু থেকেই বিদ্যমান।”

গত ৬ জুলাই যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চে বাংলাদেশের সরকারি একটি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবর প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের সম্পূর্ণ নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র নম্বরসহ ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে আছে ইন্টারনেটে।

টেকক্রাঞ্চ জানিয়েছে, আকস্মিকভাবে বাংলাদেশি সাইট থেকে নাগরিকদের তথ্য ফাঁসের বিষয়টি বুঝতে পেরে এক গবেষক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘বাংলাদেশ ই-গভর্নমেন্ট কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিমের (বিজিডি ই-গভ সার্ট) সঙ্গে যোগাযোগও করেন।

তবে বিজিডি সার্ট সেরকম কোনো ইমেইল পায়নি বলে কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার দাবি করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেছিলেন, হ্যাকিং নয়, কারিগরি ত্রুটির কারণে সরকারি ওয়েবসাইট থেকে নাগরিকদের তথ্য প্রকাশ্য হয়ে পড়েছিল।

“কর্মকর্তাদের কেউ কেউ তথ্য সুরক্ষার গাইডলাইনগুলো ঠিকমত অনুসরণ করছেন না। যার কারণে এ রকম ঘটনা ঘটছে।”

পুরানো খবর:

কারিগরি ত্রুটির কারণে তথ্য ফাঁস: পলক

পুরানো খবর:

সরকারি ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের ‘তদন্ত’ করছে সার্ট

পুরানো খবর:

বাংলাদেশের সরকারি ওয়েবসাইট থেকে ‘লাখ লাখ নাগরিকের তথ্য ফাঁসের’ খবর