১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাতিরপুলে ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড

রাত পৌনে ১০টায় আগুন পুরোপুরি নিভেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2024, 07:07 PM

Updated : 14 Mar 2024, 10:56 PM

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় কার্পেট গুদামে লাগা আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার ইফতারের সময় ছয়তলা ‘রাজ কমপ্লেক্সের’ দোতলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ৯ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে পৌঁছে।

একে একে যোগ দেওয়া সাতটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর আগুন পুরোপরি নেভানো সম্ভব হয় রাত ৯টা ৪৫ মিনিটে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ারুল বলেন, “দোতলায় কার্পেটের গুদামে আগুন লাগে। সেখানে কোনো জানালা না থাকায় দেয়াল ভাঙতে হয়েছে।”

ঘটনার পরপর ভবনের ছাদে আশ্রয় নেওয়া চারজনকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।