১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকার ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ছাদ ঢালাইয়ের মালামাল ওঠানো-নামানোর সময় লিফট ছিঁড়ে তারা পড়ে যান।

ঢাকার ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ডেমরার সানারপাড়ের নূর মসজিদের কাছে ঘটেছে এই দুর্ঘটনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 04:18 PM

Updated : 24 Jun 2023, 04:18 PM

ঢাকার ডেমরায় নির্মাণাধীন একটি ভবনে কাজের সময় লিফট ছিঁড়ে পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা আড়াইটার দিকে সানারপাড়ের নূর মসজিদের কাছে সাততলা ওই ভবনের ছাদ ঢালাইয়ের সময় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- মিজান (৩২), মোস্তফা (৪০) ও জাফর (৫০)।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পরে একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর যার মৃত্যু হয়েছে, তার নাম জানা যায়নি।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল- জানতে চাইলে তিনি বলেন, “শ্রমিক এবং নির্মাণ কাজে ব্যবহৃত মালামাল উঠানো- নামানোর কাজে ব্যবহৃত অস্থায়ী লিফট ছিঁড়ে গিয়েছিল।”

ওই ভবনটি কয়েকজন মালিক মিলে তৈরি করছিলেন বলে জানান ফারুক মোল্লা।