ফটো সাংবাদিক বাদল ‘নিখোঁজ’
তার সন্ধানে পল্টন থানায় জিডি হয়েছে।
দৈনিক নবচেতনার ফটো সাংবাদিক বাদল দাসের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন তার পরিবার ও সহকর্মীরা।
গত সোমবার থেকে বাদলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না দাবি করে তার বন্ধু ও রুমমেট ফটো সাংবাদিক সুজিত শেখ বাবু পল্টন মডেল থানায় একটি জিডি করেছেন।
পল্টন মডেল থানার ওসি আরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফটো সাংবাদিক বাদল দাস নিখোঁজের বিষয়ে থানায় একজন জিডি করেছেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তার সন্ধান নিশ্চিত করার চেষ্টা চলছে।”
বাদলের সহকর্মীদের দাবি, নিখোঁজ হওয়ার পর বাদল দাসের ব্যবহৃত মোবাইল ফোনটি তার ঘরে পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে একটি অজ্ঞাত নম্বর থেকে সুজিত শেখ বাবুর কাছে ফোন করে বলা হয়, বাদল দাস ডিবি হেফাজতে রয়েছেন।
এরপর মতিঝিল থানায় এবং ডিবি কার্যালয়ে যোগাযোগ করেন। তবে পুলিশের পক্ষ থেকে বাদল দাসকে আটকের বিষয়টি তখন নিশ্চিত করা হয়নি। পরে ডিবি পরিচয়ে যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, সেটিতে যোগাযোগের চেষ্টা করলে ওই নম্বর বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকেও এ বিষয়ে ডিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
বাদল দাস পটুয়াখালী সদর উপজেলার ৩৫ সদর রোড নতুন বাজার এলাকার বাসু দেব দাসের ছেলে। তিনি রাজধানীর গুলিস্তানে শিশুকল্যাণ পরিষদ ভবনে থাকতেন।
