এলপিজিসহ পণ্যবাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
অভিযানে গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কি না, তা যাচাইয়ের পাশাপাশি ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়।
গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যে বাজারে দেশব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার রাজধানীসহ দেশের ৪৭ জেলায় চালানো এ অভিযানে নানা অনিয়মের দায়ে ১১৬ প্রতিষ্ঠানকে ১০ লাখ ৯১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, অধিদপ্তরের ৫৭টি দল একযোগে ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতেই এ তদারকি চালানো হয়েছে।
“অভিযানে গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কি না, তা যাচাইয়ের পাশাপাশি ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা রাখা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও ক্রেতাকে তা দেওয়া হচ্ছে কি না এবং পণ্যের জন্য অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না—এসব বিষয়ও যাচাই করেন অধিদপ্তরের কর্মকর্তারা।”
ভোক্তাদের গ্যাস সিলিন্ডার কেনার আগে সিলিন্ডারের ওজন, সিল, মেয়াদ ও দৃশ্যমান কোনো ত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে অভিযান চালানোর সময়।
পাশাপাশি পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই এবং কেনাকাটার সময় রশিদ বা ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে। পণ্য কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ করতে বলা হয়েছে।
