গাজীপুরে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার
একাত্তরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
কুতুব উদ্দিন ওরফে কুতুব আলী আনছারী নামের ৭০ বছর বয়সী ওই ব্যক্তি গত দুই বছর ধরে আত্মগোপনে ছিলেন বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কুতুব উদ্দিন এবং তার সহযোগীরা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ইতুলিয়া গ্রামে মুক্তিযোদ্ধাদের হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, পাশবিক নির্যাতন, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ওই অভিযোগে ২০২০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়। পরের বছর ২১ অক্টোবর কুতুব উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
র্যাব বলছে, পরোয়ানা জারির পর থেকে কুতুব দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে ছিলেন। শনিবার গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
