শাহজালালে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সৌদি উড়োজাহাজ
ফ্লাইটটিতে ৩৮৩ জন যাত্রী, দুজন পাইলট ও ১৩ জন ক্রু ছিলেন।
ঈদের আগের দিন বৃষ্টির সময় ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে ঘাসের উপর চলে গিয়েছিল সৌদিয়ার একটি উড়োজাহাজ।
বুধবার সকালের ওই ঘটনায় বোয়িং উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দর থেকে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে ফ্লাইটটি (এসভি ৮০৬) ঢাকার উদ্দেশে যাত্রা করে। ৫ ঘণ্টা ৩৬ মিনিট ওড়ার পর বাংলাদেশ সময় সকাল ৮টা ৩২ মিনিটে উড়োজাহাজটি শাহজালালে অবতরণের সময় বৃষ্টি হচ্ছিল।
ফ্লাইটটিতে দুজন পাইলট, ১৩ জন ক্রু ও ৩৮৩ জন যাত্রী ছিলেন জানিয়ে বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, বৃষ্টির মধ্যে উড়োজাহাজটি রানওয়ে স্পর্শ করার পরই ছিটকে প্রায় দেড় হাজার ফুট দূরে ঘাসের ওপর চলে যায়। উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের বাঁ পাশের ছয়টি চাকার মধ্যে কয়েকটি ফেটে যায়।
পরে পাইলট উড়োজাহাজটিকে রানওয়েতে নিয়ে আসেন এবং ৫ নম্বর বোর্ডিং ব্রিজে নিরাপদে যাত্রীদের নামিয়ে দেন। উড়োজাহাজটির বাঁ পাশের ল্যান্ডিং গিয়ারের চাকার পাশাপাশি যন্ত্রপাতিতে ঘাস ও কাদার আস্তর পড়ে যায়।
দুর্ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি বলেন, “দুর্ঘটনার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ উড়োজাহাজটি মেরামতের উদ্যোগ নিয়েছে।”
