Published : 24 Jul 2023, 06:25 PM
ঢাকা-১৭ উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার তাদের গ্রেপ্তারের পর সোমবার আদালতে পাঠান হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুদিন পুলিশ হেফাজতের আদেশও হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সোয়াইব মোল্যা, বায়েজিদ মোল্যা, সাব মিয়া, হুমায়ুন কবির ওরফে প্রিন্স ও সাইফুল ইসলাম সজল। এ মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ সোমবার সাংবাদিকদের বলেন, হিরো আলমের উপর হামলার ঘটনায় নতুন করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মো. পলাশ।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান প্রত্যেক আসামির দুদিন করে রিমান্ডের আদেশ দেন বলে জানান আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্ম কর্তা এসআই জালাল উদ্দীন।
গত ১৭ জুলাই বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটের পরিস্থিতি দেখছিলেন হিরো আলম। পরে ভোটগ্রহণের শেষ দিকে বিকাল সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের চৌহদ্দিতে স্কুলের মাঠে কয়েকজনের সঙ্গে সেলফি তোলেন হিরো আলম। তখন নৌকার ব্যাজধারী কয়েকজন এসে তাকে ঘিরে ধরেন এবং বলেন, ‘এটা টিকটক ভিডিও বানানোর জায়গা না’। এরপর হিরো আলমকে ধাওয়া শুরু করেন।
তখন কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে ধরে স্কুলের গেইটের বাইরে দিয়ে আসেন। এরপর হিরো আলমকে সড়কে ফেলে বেধড়ক পেটানো হয়।
হামলার ঘটনার পরদিন অজ্ঞাতপরিচয় ১৫/২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ।
হামলার দিন ধরা পড়া সাতজনকে ওই মামলাতে গ্রেপ্তার দেখানো হয়, যার মধ্যে আছেন-বনানীর ছানোয়ার কাজী (২৮), মাহমুদুল হাসান মেহেদী (২৭), আশিক সরকার (২৪), হৃদয় শেখ (২৪), পল্লবীর বিপ্লব হোসেন (৩১), তেজগাঁও শিল্প এলাকার মোজাহিদ খান (২৭) এবং খিলক্ষেতের সোহেল মোল্লা (২৫)। এরপর ১৯ জুলাই তেজগাঁও এলাকা থেকে মানিক গাজী (২২) ও আল আমিন (২৫) নামের দুজনকে ধরা হয়।
পরদিন পুরান ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় মাসুদ তালুকদার নামের আরেক ব্যক্তিকে। এরপর রোববার নতুন করে ধরা পাঁচজনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হলো এ মামলায়।