শাহজালালে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ ৩ জন আটক
তারা দীর্ঘ দিন ধরে বিমানবন্দরে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত, বলছে এপিবিএন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ তিনজনকে আটকের কথা জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার বিকালে তাদের আটক করা হয় বলে এপিবিএন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ওই তিনজন হলেন- রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।
এপিবিএন বলছে, তারা দীর্ঘ দিন ধরে বিমানবন্দরে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। বিকালে তারা বিমানবন্দরের বহুতল কার-পার্কিংয়ের নিচ তলায় ঘোরাফেরা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ছাড়াও আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
